ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের বগির দরজা খুলে পড়ল, আহত ২
কক্সবাজার-ঢাকা রেলপথে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগির দরজা চলন্ত অবস্থায় খুলে পড়ে গেছে। এ ঘটনায় ট্রেনের ভেতরে থাকা দুই যাত্রী সামান্য আহত হয়েছেন। গত মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা পৌনে চারটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সালদানদী ও মন্দবাগ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দরজা খুলে পড়ার ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে দরজাবিহীন ঝুঁকিপূর্ণ অবস্থাতেই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। তবে খুলে পড়া দরজার আঘাতে রেললাইনের নিচে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পরে রেলওয়ে কর্তৃপক্ষ পড়ে যাওয়া দরজাটি উদ্ধার করেছে।
প্রত্যক্ষদর্শী ও ট্রেনের একাধিক স্টুয়ার্ড সূত্রে জানা গেছে, ঢাকামুখী মহানগর এক্সপ্রেস ট্রেনটি সালদানদী স্টেশন পার হয়ে মন্দবাগ স্টেশনের কাছাকাছি পৌঁছালে ‘ড’ বগির একটি দরজা হঠাৎ খুলে নিচে পড়ে যায়। এ সময় দরজার সামনে একাধিক যাত্রী দাঁড়িয়ে ছিলেন। তাদের মধ্যে দুইজনের পায়ে সামান্য আঘাত লাগে বলে জানা যায়। আহতদের নাম পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: কুলাউড়ায় অবৈধ বালু উত্তোলনে একজনকে জরিমানা, ৯ জনের বিরুদ্ধে মামলা
বিকেল পৌনে পাঁচটার দিকে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে যাত্রাবিরতিকালে ‘ড’ বগির ২ নম্বর সিটের যাত্রী মো. জহিরুল ইসলাম বলেন, চলন্ত অবস্থায় হঠাৎ শব্দ পাই। উঠে দেখি একটি দরজা খুলে পড়ে গেছে। তবে দরজার সামনে থাকা কারো বড় কোনো সমস্যা হয়নি।
ট্রেনের পরিচালক (গার্ড) শমাস মো. লেলিন জানান, ট্রেনে অতিরিক্ত যাত্রীচাপ ছিল। বিশেষ করে কুমিল্লা স্টেশন পার হওয়ার পর আসনবিহীন যাত্রীর সংখ্যা আরও বেড়ে যায়। সালদানদীর একটি লেভেল ক্রসিংয়ে একটি অটোরিকশা আটকে যায়। স্থানীয় লোকজন এটিকে সরানোর চেষ্টা করছিলেন। এরই মধ্যে দরজায় ধাক্কা লাগলে সেটি পড়ে যায়। এ সময় দরজার সামনে থাকা দুই যাত্রী পায়ে সামান্য ব্যথা পান। আমি গিয়ে দেখি যাত্রীরা এ নিয়ে একজন আরেকজনকে দোষারোপ করছেন। তিনি আরও জানান, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পর তারা দরজাটি উদ্ধার করেন এবং সেটির তেমন ক্ষতি হয়নি। যে বগিটি দুর্ঘটনা কবলিত হয়েছে এগুলোর দরজা সবসময় বন্ধ রাখা হয়। অনেক সময় যাত্রীরা নিষেধ না শুনে দুই-চার আঙুল ফাঁকা করে রাখেন।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে অপহৃত স্কুলছাত্রী গাজীপুর থেকে উদ্ধার, দুই যুবক গ্রেফতার
কসবা রেলওয়ে ষ্টেশন মাষ্টার শামিম হোসেন মজুমদার বলেন, উপজেলা সালদানদী ও মন্দাবাগ ষ্টেশনের মাঝামাঝি এলাকায় মহানগর এক্সপ্রেসের একটি বগির দরজা খুলে পড়ে যায়। এতে দুজন যাত্রীর পায়ে ব্যাথা পেয়েছে শুনেছি।





