ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে

নারায়ণগঞ্জে মাদ্রাসায় আগুন, আশঙ্কাজনক ৩ শিক্ষার্থী আইসিইউতে

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ন, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:৩৬ পূর্বাহ্ন, ১০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৪৮ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

সোমবার দিবাগত রাত (১০ নভেম্বর) ১টা ৫৫ মিনিটের দিকে পাঁচতলা মাদ্রাসা ভবনটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: চট্টগ্রামে তেলের গুদামে আগুন

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার গণমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডের পর ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আইসিইউতে থাকা শিক্ষার্থীরা হলেন ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান জানান, রাত ১টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। মাদ্রাসার পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।

আরও পড়ুন: সিলেটের রাতারগুল সীমান্তে সভা করেছিলেন রনজিত সরকার

হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীদের ভাষ্য, ভবনের দ্বিতীয় তলায় থাকা একটি লাইব্রেরি আগুনে পুড়ে গেছে।

চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার অসুস্থ শিক্ষার্থীদের বরাত দিয়ে জানান, মাদ্রাসার একটি অংশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়লে ভবনের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। বাইরে বের হতে গিয়ে শুরু হয় হুড়োহুড়ি। ধোঁয়ার কারণে কয়েকজন শিক্ষার্থীর শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।