বিয়ের খাবার খেয়ে অসুস্থ ৬০ জন, প্রাণ গেল পল্লিচিকিৎসকের

Sanchoy Biswas
নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:২৭ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে নারী-পুরুষসহ অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক পল্লিচিকিৎসকের মৃত্যু হয়েছে। অসুস্থদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার দামপাড়া ইউনিয়নের বড়কান্দা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আরজু মিয়ার (৫০) মেয়ের বিয়ের অনুষ্ঠানে প্রায় ৪০০ অতিথির জন্য খাবারের আয়োজন করা হয়।

আরও পড়ুন: নবীগঞ্জে পরিত্যক্ত নদী থেকে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রথমে কনেপক্ষের অতিথিদের এবং পরে বিকেলে বরপক্ষের অতিথিদের খাবার পরিবেশন করা হয়। খাবার খাওয়ার কিছুক্ষণ পর থেকেই অতিথিদের মধ্যে পেটব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। একে একে অসুস্থ হয়ে পড়েন নারী-পুরুষসহ অর্ধশতাধিক অতিথি। পরে তাঁদের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

অসুস্থদের মধ্যে কিরণ, আকাশ, রুবেল ও তুষারসহ কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেলা সদরসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে বড়কান্দা গ্রামের ইউসুফ আলী মাস্টারের ছেলে কিরণ (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি পল্লিচিকিৎসক হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।

আরও পড়ুন: দাদির ওপর হামলা, রামদার কোপ থেকেও রক্ষা পেল না সাত বছরের শিশু ওমর ফারুক

বিয়ের কনে তাসমিতা বেগম (১৯) জানান, তাঁর বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে কনেপক্ষ ও বরপক্ষের অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর স্বামী শেখ স্বাধীনসহ তিনিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অসুস্থ ব্যক্তিদের একজন এবং বরপক্ষের আত্মীয় সিংপুর গ্রামের সেলিম মিয়া অভিযোগ করেন, বিয়ের অনুষ্ঠানে পরিবেশিত গরুর মাংস ঠিকমতো রান্না করা হয়নি। তাঁর ধারণা, ওই খাবার খাওয়ার কারণেই তাঁরা অসুস্থ হয়েছেন। এ ঘটনায় তাঁর পরিবারের চারজন অসুস্থ হয়েছেন।

সিংপুর গ্রামের রুবেল মিয়া (৩৫) বলেন, রাতভর একের পর এক অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। যাঁদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে, তাঁদের ভাগলপুর ও কিশোরগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া কয়েকজন বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।

নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরমা দাস জানান, এ পর্যন্ত ২৪ জন নারী ও ২০ জন পুরুষসহ মোট ৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যা বাড়ছে।

নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ বলেন, বিয়ের অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়া রোগীদের চিকিৎসায় হাসপাতালের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেক রোগীকে নিয়মিত চিকিৎসা ও পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে। যাঁদের শারীরিক অবস্থা গুরুতর, তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। চিকিৎসাসেবা দিতে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসাসামগ্রীর পর্যাপ্ত মজুত রয়েছে। তবে একসঙ্গে বিপুলসংখ্যক রোগী ভর্তি হওয়ায় শয্যাসংকট তৈরি হয়েছে। এ কারণে অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে রেখেই চিকিৎসাসেবা দিতে হচ্ছে।

তিনি আরও বলেন, এতসংখ্যক মানুষ একই অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ার ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে হাসপাতালের স্যানিটারি ইন্সপেক্টরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁর নেতৃত্বে একটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করে খাবারের নমুনা ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ করবে। সেগুলো পর্যালোচনা করে বিস্তারিত প্রতিবেদন তৈরি করা হবে। তদন্তের প্রতিবেদন পাওয়ার পরই অসুস্থতার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।