নবীগঞ্জে পরিত্যক্ত নদী থেকে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার
হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার মায়ানগর গ্রামে পরিত্যক্ত শাখা বরাক নদী থেকে মায়া রাণী দাশ (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) সকালে স্থানীয় লোকজনের দেওয়া খবরের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বিয়ের খাবার খেয়ে অসুস্থ ৬০ জন, প্রাণ গেল পল্লিচিকিৎসকের
নিহত মায়া রাণী দাশ নবীগঞ্জ উপজেলার মুক্তার গ্রামের মৃত কৃষ্ণ মোহনের স্ত্রী। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, তিনি গত ছয় দিন ধরে নিখোঁজ ছিলেন।
স্থানীয় লোকজনের বরাতে জানা যায়, শনিবার সকালে মায়ানগর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া পরিত্যক্ত শাখা বরাক নদীর পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন তাঁরা। পরে বিষয়টি নবীগঞ্জ থানা-পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
আরও পড়ুন: দাদির ওপর হামলা, রামদার কোপ থেকেও রক্ষা পেল না সাত বছরের শিশু ওমর ফারুক
খবর পেয়ে নিহতের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। পরিবারের সদস্যরা জানান, মায়া রাণী দাশ দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। ছয় দিন আগে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরি ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।





