দাদির ওপর হামলা, রামদার কোপ থেকেও রক্ষা পেল না সাত বছরের শিশু ওমর ফারুক
নেত্রকোণার মোহনগঞ্জে দাদিকে মারধরের হাত থেকে রক্ষা করতে গিয়ে প্রতিপক্ষের রামদার কোপে গুরুতর আহত হয়েছে ওমর ফারুক নামে সাত বছরের এক শিশু। আহত অবস্থায় তাকে প্রথমে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তার মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার সকালে উপজেলার মানারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওমর ফারুক ওই গ্রামের রুবেল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের কেজি ওয়ানের শিক্ষার্থী।
আরও পড়ুন: বিয়ের খাবার খেয়ে অসুস্থ ৬০ জন, প্রাণ গেল পল্লিচিকিৎসকের
এ ঘটনায় শিশুটির দাদি কোকিলা খাতুন বাদী হয়ে প্রতিবেশী তাইজ উদ্দিন ওরফে তাজু (৫০), তাঁর ছেলে এমরান (৩২) এবং অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলে যাওয়া-আসার পথে তাইজ উদ্দিনের বাড়ির সামনে তাঁর পরিবারের ছোট শিশুরা প্রায়ই ওমর ফারুককে মারধর করত। বিষয়টি দাদিকে জানালে তিনি এর প্রতিবাদ করেন। গত মঙ্গলবার সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথেও শিশুটিকে মারধর করা হয়। পরে নাতিকে সঙ্গে নিয়ে কোকিলা খাতুন অভিযুক্তদের বাড়িতে গিয়ে বিষয়টি নিয়ে বিচার চান।
আরও পড়ুন: নবীগঞ্জে পরিত্যক্ত নদী থেকে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার
অভিযোগে বলা হয়, বিচার শেষে নাতিকে নিয়ে বাড়ি ফেরার পথে তাইজ উদ্দিন, তাঁর ছেলে এমরানসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের পথরোধ করেন। এ সময় তাঁরা কোকিলা খাতুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করায় তাঁকে মারধর এবং পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
একপর্যায়ে দাদিকে রক্ষা করতে এগিয়ে আসে শিশু ওমর ফারুক। এ সময় এমরান রামদা দিয়ে তার মাথায় কোপ দেন। এতে শিশুটির কপালের ডান পাশে গুরুতর জখম হয়। তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যান।
পরে স্থানীয় লোকজন দাদি ও নাতিকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কোকিলা খাতুনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আর ওমর ফারুককে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে ভর্তি রেখে তার চিকিৎসা চলছে।
ঘটনার পরদিন কোকিলা খাতুন থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর অভিযুক্ত বাবা ও ছেলে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। তাঁদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন শনিবার দুপুরে বলেন, অভিযোগ পাওয়ার পর এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছেন। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। দ্রুতই তাঁদের গ্রেপ্তার করা হবে।





