দেশে ফিরলেই গ্রেপ্তার, কারাগারে যেতে হবে শেখ হাসিনাকে: রয়টার্সকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:১৮ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আগামী ডিসেম্বরে তাঁর দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা এবং নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এ মন্তব্য করেছেন তিনি।

রোববার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শামা ওবায়েদ বলেন, ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার (প্রত্যর্পণ) চেষ্টা করছে বাংলাদেশ। ২০২৪ সালে দেশ ছেড়ে যাওয়ার পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী নয়াদিল্লি তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে বলে আশা করছে সরকার।

আরও পড়ুন: গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে, নবায়ন নিয়ে অনিশ্চয়তা

শামা ওবায়েদ বলেন, ‘তিনি (হাসিনা) বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলেই তাঁকে গ্রেপ্তার করা হবে। তাঁকে কারাগারে পাঠানো হবে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই, ভারত প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান দেখিয়ে একজন দণ্ডিত আসামি হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করুক। এরপর আইন নিজস্ব গতিতে চলবে। তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে।’

আরও পড়ুন: গ্রামীণ ব্যাংকে ধারাবাহিক অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির দাবি ইউনূসের

এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। তবে গত এপ্রিল মাসে মন্ত্রণালয় জানিয়েছিল, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ তারা পর্যালোচনা করছে।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দীর্ঘদিনের ক্ষমতার অবসানের পর ওই বছরের আগস্টে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। বাংলাদেশের একটি আদালতে তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। এ ছাড়া তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ওই সময়ের অস্থিরতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন।

আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি হিসেবে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে সরকার তাঁর এসব আবেদন প্রত্যাখ্যান করেছে।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সামনে আসার পর তাঁর সমর্থকেরাও রাজপথে সক্রিয় হয়েছেন। চলতি মাসে আওয়ামী লীগ তাঁর দেশে ফেরার দাবিতে ধারাবাহিক বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। এর ধারাবাহিকতায় গত ১৯ নভেম্বর দেশজুড়ে লকডাউন কর্মসূচি পালন করে দলটি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ দিনে দেশের অন্তত ২৮টি জেলায় কয়েক ডজন ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

এসব সহিংসতাকে শেখ হাসিনার ‘রাজনৈতিকভাবে দেউলিয়া’ দলের টিকে থাকার কৌশল বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ। তবে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা খালিদ মাহমুদ চৌধুরী এসব ঘটনার জন্য বর্তমান রাজনৈতিক নেতৃত্বকে দায়ী করেছেন।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো উড়োজাহাজ পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ। তবে এ সম্পর্কের ক্ষেত্রে দেশের মর্যাদা, আত্মসম্মান ও স্বার্থের সঙ্গে কোনো আপস করা হবে না।

শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারত কী ধরনের পররাষ্ট্রনীতি অনুসরণ করতে চায়, সেই সিদ্ধান্ত ভারতকেই নিতে হবে।’