কেরাণীগঞ্জের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৩২ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার কেরাণীগঞ্জের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। কালিবাড়ী রোডের চুনকুটিয়া এলাকায় গ্যাস পাইপলাইনের ওপর অবৈধভাবে পাইলিং করার ফলে পাইপলাইনে লিকেজের সৃষ্টি হয়েছে। এ কারণে মেরামতকাজ চলমান থাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কালিবাড়ী রোড, চুনকুটিয়া, কেরাণীগঞ্জ এলাকায় ৮ ইঞ্চি ব্যাসের ১৫০ পিএসআইজি গ্যাস পাইপলাইনে লিকেজ দেখা দিয়েছে। পাইপলাইনের ওপর অবৈধ পাইলিংয়ের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এর ফলে দক্ষিণ কেরাণীগঞ্জ, জিনজিরা, চুনকুটিয়া, কালিগঞ্জ, বেগুনবাড়ী, খোলামোড়া ও এর আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

মেরামতকাজ শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব এসব এলাকায় গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আরও পড়ুন: নরসিংদী জেলা প্রেসক্লাবের উদ্যোগে দুই সাংবাদিকের বাবা-মায়ের স্মরণে দোয়া মাহফিল