ট্রেনে অস্ত্র পাওয়া নিয়ে সেনাবাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি
রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ ঘটনায় চারজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বেলা ১১টা ১৫ মিনিটে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের সহায়তায় বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বনলতা এক্সপ্রেস ট্রেনের একটি নির্দিষ্ট বগি তল্লাশি করে ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড অ্যামুনিশন, ২ দশমিক ৩৯ কেজি গান পাউডার এবং ২ দশমিক ২৩ কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয়।
আরও পড়ুন: এসবি প্রধানসহ পুলিশের উচ্চ পর্যায়ে ব্যাপক রদবদল
ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজন ব্যক্তিকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।





