ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ: ডিআইজি ঢাকা রেঞ্জ
ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বাংলাদেশ পুলিশ বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে। তিনি বলেন, “ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।”
সোমবার (১২ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত বিশেষ অপরাধ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: নির্বাচনে লেথাল ওয়েপন ব্যবহার করবে না বিজিবি
বক্তব্যের শুরুতে ডিআইজি রেজাউল করিম মল্লিক মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি আসন্ন নির্বাচনে পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সকল অফিসার ইনচার্জকে নির্দেশনা দেন।
ডিআইজি মহোদয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের প্রত্যাশার কথা উল্লেখ করে বলেন, একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য, আর সে লক্ষ্য বাস্তবায়নে পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আরও পড়ুন: নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তা: সারাদেশে ৩৭ হাজারের বিজিবি মোতায়েন
পরবর্তীতে ডিআইজি মহোদয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় অংশ নেন। সেখানে জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাঁদের পেশাগত ও সামষ্টিক সমস্যার কথা তুলে ধরেন। ডিআইজি মহোদয় তাৎক্ষণিকভাবে কিছু সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন এবং কয়েকটি বিষয় আইজিপির কাছে উপস্থাপনের আশ্বাস দেন।
এ সময় নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।





