সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: দুদক

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ন, ১৫ জুন ২০২৬ | আপডেট: ৮:০৮ অপরাহ্ন, ১৫ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দুর্নীতি ও পাসপোর্ট জালিয়াতির মামলায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (১৮ জুন) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির উপপরিচালক (মিডিয়া) আকতারুল ইসলাম।

তিনি বলেন, দুদকের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের কাছে পাঠানো আবেদনের ভিত্তিতে বেনজীর আহমেদকে গত ১২ জুন দুবাই থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: সীমান্তজুড়ে বিএসএফের ধারাবাহিক পুশ-ইন তৎপরতা, একের পর এক প্রতিরোধে বিজিবি

দুদকের তথ্য অনুযায়ী, বেনজীর আহমেদের বিরুদ্ধে বর্তমানে মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে জ্ঞাত আয়বহির্ভূত ১৪ কোটি ৬২ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা একটি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে এবং বিচার কার্যক্রম চলমান রয়েছে।

এ ছাড়া বাকি পাঁচটি মামলার তদন্ত এখনও চলমান। এসব মামলায় তার বিরুদ্ধে প্রায় ৭৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে দুদক। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সরকারি দায়িত্বে থাকাকালে জালিয়াতির মাধ্যমে একাধিক বেসরকারি পাসপোর্ট গ্রহণের অভিযোগও তদন্তাধীন বিষয়গুলোর মধ্যে রয়েছে।

আরও পড়ুন: সীমান্তে নতুন চাল বিএসএফের, ১২৫ জনকে জড়ো করায় সতর্ক বিজিবি

দুদক সূত্রে জানা গেছে, আদালতের নির্দেশে বেনজীর আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ ইতোমধ্যে জব্দ করা হয়েছে। একই সঙ্গে অবরুদ্ধ করা হয়েছে তাদের বিভিন্ন ব্যাংক হিসাব। জব্দ সম্পদের মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে থাকা ফ্ল্যাট, জমি, কোম্পানির শেয়ার, ব্যাংক আমানত এবং সঞ্চয়পত্র রয়েছে।

দুদক জানিয়েছে, সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমন্বয় করে আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত রয়েছে।