তুরাগে একাধিক মরদেহ উদ্ধারের দাবি গুজব, তথ্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর: ডিএমপি

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ন, ২৮ জুন ২০২৬ | আপডেট: ২:১০ পূর্বাহ্ন, ২৯ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে তুরাগ নদী থেকে একাধিক মরদেহ উদ্ধারের দাবি করে ছড়িয়ে পড়া তথ্য, ছবি ও ভিডিওকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রচারিত দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। জনমনে বিভ্রান্তি দূর করতে সঠিক তথ্য তুলে ধরতেই এ ব্যাখ্যা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা

ডিএমপি জানায়, উত্তরা বিভাগের আওতাধীন তুরাগ থানার এলাকায় এ ধরনের কোনো ধারাবাহিক মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ড বা সংশ্লিষ্ট ঘটনার তথ্য পাওয়া যায়নি। এছাড়া এ বিষয়ে তুরাগ থানায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ, সাধারণ ডায়েরি (জিডি) কিংবা মামলাও দায়ের হয়নি।

পুলিশ আরও জানায়, বিষয়টি যাচাই-বাছাইয়ের পর প্রচারিত তথ্যের সত্যতা না পাওয়ায় বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: নিশ্ছিদ্র নিরাপত্তায় দুর্গাপূজা হবে: ডিএমপি কমিশনার

এদিকে, মিরপুর ক্রাইম ডিভিশনের আওতাধীন পল্লবী ও রূপনগর থানার ভৌগোলিক সীমানাও পর্যালোচনা করা হয়েছে। তদন্তে দেখা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের সঙ্গে ওই দুই থানার কোনো সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে পল্লবী বা রূপনগর থানায়ও কোনো অভিযোগ বা ঘটনার সত্যতা সমর্থনকারী তথ্য পাওয়া যায়নি।

ডিএমপি জনসাধারণকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস, প্রচার বা শেয়ার না করার আহ্বান জানিয়েছে। পুলিশ বলছে, গুজব, বিভ্রান্তিকর কিংবা উসকানিমূলক তথ্য সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।

এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার জন্যও সবার প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।