ডিবির দাবি: সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন সাবেক এএসপি ফজলুর রহমান

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ন, ০৩ জুলাই ২০২৬ | আপডেট: ৯:৫৬ পূর্বাহ্ন, ০৪ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) সাক্ষ্য দিতে আসা সুখরঞ্জন বালীকে ট্রাইব্যুনালের গেট থেকে অপহরণ ও পরবর্তী গুমের ঘটনায় তৎকালীন সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমান সরাসরি জড়িত ছিলেন বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

আরও পড়ুন: সরকারবিরোধী ষড়যন্ত্রকারী পুলিশ কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) রিকুইজিশনের ভিত্তিতে ফজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবির অতিরিক্ত কমিশনার জানান, আল্লামা দেলোয়ার হোসেন সাইদীর মামলায় সাফাই সাক্ষী দিতে আসা সুখরঞ্জন বালীকে অপহরণের ঘটনায় ফজলুর রহমানের সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১০টার দিকে রাজধানীর বাড্ডা এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে দর্শনার্থীকে নিয়ে ছড়ানো ভিডিওকে ‘বিভ্রান্তিকর’ বলল আনসার

সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম আরও বলেন, ঘটনার সময় ফজলুর রহমান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে কর্মরত ছিলেন। অভিযোগ অনুযায়ী, ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে আসা সুখরঞ্জন বালী হাইকোর্ট এলাকায় গাড়ি থেকে নামার পর ফজলুর রহমান তাকে থাপ্পড় মারেন এবং শার্টের কলার ধরে ডিবির একটি গাড়িতে তুলে নিয়ে যান। এ ঘটনায় তিনি এবং তার টিম প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে দাবি করেন ডিবির এই কর্মকর্তা।

তবে অভিযোগগুলোর বিষয়ে আদালতে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।