খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ডিএসসিসি প্রশাসকের
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধি এবং ভেজালমুক্ত খাদ্যব্যবস্থা গড়ে তুলতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
শনিবার (২৭ জুন) রাজধানীর বিজয়নগরের ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম অডিটোরিয়ামে বিশ্ব নিরাপদ খাদ্য দিবস এবং ‘ফুড সেফটি মুভমেন্ট’-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানের আয়োজন করে ফুড সেফটি মুভমেন্ট।
আরও পড়ুন: ডিএসসিসি এলাকায় শুরু ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন, প্রায় ৬ লাখ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য
প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুস সালাম বলেন, খাদ্য নিরাপত্তা মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। রাজধানীতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে শুধু সরকারি সাঁড়াশি অভিযান যথেষ্ট নয়; বরং জনগণের সচেতনতা বৃদ্ধি সবচেয়ে গুরুত্বপূর্ণ। উৎপাদক, ব্যবসায়ী, ভোক্তা এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ খাদ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
তিনি বলেন, নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা শুধু সভা-সেমিনারের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান এবং উন্মুক্ত জনপরিসরেও এ বিষয়ে প্রচারণা চালাতে হবে। পাশাপাশি ফুড কোর্ট, ফুটপাতের খাবার বিক্রেতা এবং ক্ষুদ্র ব্যবসায়ীদেরও সচেতনতামূলক কার্যক্রমের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আরও পড়ুন: বনানীর কড়াইল বস্তি এলাকায় শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন
সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের প্রসঙ্গ তুলে ডিএসসিসি প্রশাসক বলেন, একসময় সমাজে স্বেচ্ছাসেবী সংগঠন, সাংস্কৃতিক কর্মকাণ্ড, ক্লাব ও পাঠাগারের সক্রিয় ভূমিকা ছিল। বর্তমানে এসব কার্যক্রম কমে যাওয়ায় সামাজিক সচেতনতা ও মানবিক মূল্যবোধও ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের মধ্যে মানবিকতা বৃদ্ধি পেলে ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রির প্রবণতাও অনেকাংশে কমে আসবে বলে তিনি মন্তব্য করেন।
ফুটপাত ও ভ্রাম্যমাণ খাবারের দোকান প্রসঙ্গে তিনি বলেন, রাজধানীতে ভ্যানে করে খাবার বিক্রির প্রবণতা বেড়েছে। এসব খাবার প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে ব্যবহৃত পানির মান এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কার্যকর তদারকি প্রয়োজন। ব্যবসা পরিচালনার সুযোগ থাকবে, তবে তা অবশ্যই স্বাস্থ্যসম্মত ও সুশৃঙ্খল পরিবেশে হতে হবে।
ডিএসসিসি প্রশাসক জানান, নগরবাসীর নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, তদারকি এবং জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে।
তিনি বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করতে যে সামাজিক আন্দোলন শুরু হয়েছে, আমি তার সঙ্গে শরিক হতে চাই। আপনারা আন্দোলন চালিয়ে যান, সিটি কর্পোরেশন সবসময় সহযোগী হিসেবে পাশে থাকবে।”
ফুড সেফটি মুভমেন্টের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মাহমুদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ক বিশেষজ্ঞ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষাবিদ এবং সংগঠনের সদস্যরা অংশ নেন।
বক্তারা জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কার্যকর তদারকি জোরদার এবং বিদ্যমান আইনের কঠোর বাস্তবায়নের দাবি জানান।





