ধানমন্ডিতে চাপাতির মুখে ছিনতাই, তিন পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ন, ০৩ জুলাই ২০২৬ | আপডেট: ৫:২৪ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে চাপাতির মুখে দুই তরুণের কাছ থেকে দামি দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় একটি পেশাদার ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ধানমন্ডি মডেল থানা পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) সকাল আনুমানিক ১১টা ৪০ মিনিটে ধানমন্ডি মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: জনগণের অর্থে নির্মিত নতুন রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রিপন (৩৫), মো. সাদ্দাম হোসেন ওরফে ‘সিআইডি সাদ্দাম’ (৩০) এবং টিপু আহমেদ ওরফে ‘ডিশ টিপু’ (৫২)।

পুলিশ জানায়, গত ২৭ জুন সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে ধানমন্ডির ৭ নম্বর সড়কে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস অফিসের উত্তর পাশে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। কলাবাগান এলাকার দুই বন্ধু জিম থেকে রিকশাযোগে বাসায় ফিরছিলেন। এ সময় চারজন ছিনতাইকারী তাদের রিকশার গতিরোধ করে ধারালো চাপাতি দেখিয়ে ভয়ভীতি সৃষ্টি করে একটি আইফোন সেভেন্টিন প্রো মেক্স এবং একটি স্যামসাং গ্যালাক্সি এস২২ আল্ট্রা ছিনিয়ে নেয়।

আরও পড়ুন: গুলশানে নিষিদ্ধ লীগের মিছিল করা আরও ৪০ জন গ্রেফতার

ছিনতাই প্রতিরোধের চেষ্টা করলে একজন ভুক্তভোগীকে চাপাতি দিয়ে কোপ দেওয়া হয়। এতে তার বাম হাতের কবজির ওপর গুরুতর কাটা জখম হয়। পরে ছিনতাইকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে ৩ জুলাই ধানমন্ডি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলা হওয়ার পরপরই তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রটির তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

ধানমন্ডি মডেল থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ছিনতাইয়ের ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চক্রটির পলাতক সদস্যদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।