৩ শর্তে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে তিনটি শর্ত সাপেক্ষে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
রোববার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর স্বাক্ষর রয়েছে।
আরও পড়ুন: সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ উচ্ছেদ অভিযান, অপসারণ করা হলো অবৈধ স্থাপনা ও দোকানপাট
প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৯ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে জারি করা নির্দেশনার পর হাসপাতালটির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।
তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক বিবেচিত হওয়ায় এবং নির্ধারিত শর্ত পূরণের ভিত্তিতে হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে কার্যক্রম পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে গুলি-ছুরিকাঘাতে যুবদল কর্মী নিহত, বিএনপি নেতা আহত
প্রজ্ঞাপনে হাসপাতালটির জন্য তিনটি শর্ত নির্ধারণ করা হয়েছে। শর্তগুলো হলো—
- 'দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২'-এর বিধান যথাযথভাবে প্রতিপালন করতে হবে।
- লাইসেন্সের শর্ত অনুযায়ী দ্রুত চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
- নির্ধারিত শর্ত পালনে ব্যর্থ হলে সরকার বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
এর আগে গত ১৯ জুলাই স্বাস্থ্য অধিদপ্তর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশনা জারি করেছিল। তবে পরবর্তীতে তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল করা হয়েছে।





