ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬ | আপডেট: ৬:০৭ অপরাহ্ন, ২৯ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষিকার নাম মোসা. রনজিনা পারভীন। তিনি বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

আরও পড়ুন: মিরপুর-১১তে মৃতদেহ গোসলের ঘর নির্মাণ ঘিরে বিরোধ, চাঁদা দাবির অভিযোগ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রনজিনা পারভীন রাতে বগুড়া থেকে ঢাকায় আসেন। রাজধানীর ফার্মগেট এলাকায় ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা ছিল তার। ভোরে তিনি গাবতলী বাস টার্মিনালে নামেন।

আরও পড়ুন: উত্তরার বার থেকে কীভাবে মিরপুর গেলেন ‘অচেতন’ তরুণী

পরে গাবতলী থেকে রিকশায় করে ইসলামিয়া চক্ষু হাসপাতালের দিকে যাওয়ার পথে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে করে আসা এক ব্যক্তি তার ব্যাগ ধরে টান দেন বলে জানা গেছে।

এ সময় রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান রনজিনা পারভীন। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, ‘আমরা মোটরসাইকেল ও জড়িতদের শনাক্ত করতে কাজ করছি। আশা করছি, খুব শিগগিরই তাদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পারব।’

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলছে।