রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন, আটক ১
রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এসব ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় পল্লবী এলাকা থেকে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর মিরপুর-১২ নম্বর সিরামিক রোডে দাঁড়িয়ে থাকা মিরপুর সুপার লিঙ্ক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাসটি পুড়ে যায়।
আরও পড়ুন: ডিএসসিসি প্রশাসকের সামনে বিএনপি নেতাকে ঘুসি, ডেমরায় দুই পক্ষের সংঘর্ষ
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, বাসটি দুপুর থেকে ওই স্থানে দাঁড়ানো ছিল। অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী সড়কে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন জানান, তাঁরা ঘটনাস্থলে রয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান দুটি বাসে আগুন লাগার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পৃথক দুই ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।





