ডিএসসিসি প্রশাসকের সামনে বিএনপি নেতাকে ঘুসি, ডেমরায় দুই পক্ষের সংঘর্ষ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪৭ পূর্বাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ডেমরায় খাল খনন ও পরিষ্কার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের সামনেই বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি নেতা নবী উল্লাহ নবীর বিরুদ্ধে দলটির আরেক নেতা এসএম রেজা চৌধুরী সেলিমকে মারধরের অভিযোগ উঠেছে। একপর্যায়ে অনুষ্ঠানস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভাঙচুরের ঘটনা ঘটে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর ডেমরা থানাধীন হাজীনগরের ডগাইর-বামৈল এলাকার প্রধান ও শাখা খাল এবং কোনাপাড়া-গলাকাটা খালের পরিষ্কার ও পুনঃখননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম।

আরও পড়ুন: বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানের মঞ্চে ডিএসসিসি প্রশাসকের উপস্থিতিতেই বিএনপি নেতা নবী উল্লাহ নবী ডেমরা থানা বিএনপির সাবেক আহ্বায়ক এসএম রেজা চৌধুরী সেলিমকে এলোপাতাড়ি ঘুসি মারেন। এতে সেলিম আহত হন। এ ঘটনার পরপরই ডেমরা থানা বিএনপির একটি পক্ষ ও নবী উল্লাহ নবীর অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কি এবং চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। এতে অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম দুই পক্ষের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন।

আরও পড়ুন: এক সপ্তাহের মধ্যে মাতুয়াইলে ১.৫ একর জমিতে খেলার মাঠ নির্মাণ শুরু: ডিএসসিসি প্রশাসক

ঘটনার বিষয়ে নবী উল্লাহ নবী বলেন, ডেমরা থানা বিএনপির বিলুপ্ত কমিটির সাবেক নেতা এসএম রেজা চৌধুরী সেলিম ও মো. আনিসুজ্জামান বিনা দাওয়াতে দলবল নিয়ে অনুষ্ঠানে এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। তারা বহিরাগত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সেখানে এসেছিলেন বলেও অভিযোগ করেন তিনি। তাদের প্রতিহত করা হয়েছে জানিয়ে নবী উল্লাহ নবী বলেন, সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, সংঘর্ষে আহত এসএম রেজা চৌধুরী সেলিম হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে ডেমরা থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনিসুজ্জামান বলেন, অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ডিএসসিসি প্রশাসক নিজে এবং দলীয় কার্যালয় থেকে তাদের বলা হয়েছিল। তারা ডেমরার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে যুক্ত।

আনিসুজ্জামান বলেন, গত ১৭ বছরে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে তিনি ১০ বার কারাবরণ করেছেন। প্রশাসক আবদুস সালাম ও নবী উল্লাহ নবী—দুজনকেই তারা নেতা হিসেবে সম্মান করেন। ডেমরার একটি অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা থাকবেন না, তা হাস্যকর। তিনি আরও জানান, এর আগে ৬৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন করেছেন এবং ভবিষ্যতেও প্রার্থী হওয়ার পরিকল্পনা রয়েছে।

হামলার অভিযোগ তুলে আনিসুজ্জামান বলেন, পূর্বপরিকল্পিতভাবে সেলিমকে হত্যার উদ্দেশ্যে চাইনিজ কুড়ালসহ বিভিন্ন অস্ত্র নিয়ে নবী উল্লাহ নবী মঞ্চে আসেন। সেখানে হৃদরোগে আক্রান্ত এবং বুকে রিং বসানো সেলিমকে এলোপাতাড়ি ঘুসি মারা হয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে বলেও দাবি করেন তিনি। সেলিমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানান আনিসুজ্জামান।

এদিকে, বিএনপির দুই পক্ষের এমন সংঘর্ষে দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রবীণ নেতারা। তারা দ্রুত অভ্যন্তরীণ বিরোধ মিটিয়ে ডেমরায় দলকে সুসংগঠিত করার দাবি জানিয়েছেন।

অনুষ্ঠানে বিশৃঙ্খলা দেখে ক্ষোভ প্রকাশ করেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম। হ্যান্ড মাইকে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের অভ্যন্তরীণ বিরোধ নিজেদেরই সমাধান করতে হবে। বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে ধৈর্য ধরতে হবে। তারা খাল খনন ও পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করতে এসেছেন, তাই শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে দিতে হবে।

তিনি আরও বলেন, এ ধরনের ঝগড়াঝাটি ও বিশৃঙ্খলার দায় তাদের ওপর চাপানো উচিত নয়। যারা এ ঘটনায় দোষী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে দলীয় শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়ে গ্রুপিংয়ের স্লোগান দেওয়া নেতাকর্মীদের অনুষ্ঠানস্থল ত্যাগের নির্দেশ দেন তিনি।

এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা তাইফুর রহমান বলেন, ডিএসসিসি প্রশাসকের সামনে হঠাৎ মঞ্চে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে নেতাকর্মীরা চেয়ার ভাঙচুর করেন। পরে প্রশাসক দুই পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশও তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে পরিস্থিতি শান্ত করে।