তিন জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন
দেশের তিন গুরুত্বপূর্ণ জেলায় নিরাপত্তা জোরদার করতে ১৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিক আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) আনসার সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপালগঞ্জে ৮ প্লাটুন, গাজীপুরে ৬ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের প্রস্তুতি, নিষিদ্ধ সংগঠনের ৫০ সদস্য গ্রেপ্তার
আনসার সদর দপ্তর জানায়, সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জের রাজনৈতিক অস্থিরতা এবং গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে এই বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং মানুষের জানমালের সুরক্ষায় কাজ করছেন মোতায়েন করা সদস্যরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আনসার সদর দপ্তরের সরাসরি নির্দেশনায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন: শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে সীমান্তে বিজিবির নজরদারি জোরদার
কেপিআইভুক্ত স্থাপনাসহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তায় নির্ধারিত স্থানে স্থির দায়িত্ব (স্ট্যাটিক ডিউটি) পালন করছেন তাঁরা। পাশাপাশি প্রধান সড়ক ও মহাসড়কে নিয়মিত টহল দিচ্ছেন। এর মাধ্যমে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।
সম্ভাব্য নাশকতা, অগ্নিসংযোগ, ভাঙচুর এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধন প্রতিরোধেও সংশ্লিষ্ট এলাকাগুলোতে নজরদারি অব্যাহত রয়েছে।
আনসার সদর দপ্তর আরও জানিয়েছে, মাঠপর্যায়ে নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করতে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা মোতায়েন করা সদস্যদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সমন্বয় বজায় রাখার পাশাপাশি নিরাপত্তাব্যবস্থার অগ্রগতিও নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জননিরাপত্তা বিঘ্নিত করা কিংবা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের যেকোনো অপচেষ্টা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।





