দেশে গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে দেশবিরোধী অপশক্তি: স্পিকার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ন, ১৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৪৭ পূর্বাহ্ন, ১৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করার লক্ষ্যে একটি দেশবিরোধী অপশক্তি দেশে গৃহযুদ্ধ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এই অপশক্তিকে প্রতিহত করা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দল-মতনির্বিশেষে সব সংসদ সদস্যকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

আরও পড়ুন: আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী তারেক রহমান

সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, ‘আমি অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে।’

জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, দল-মতনির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করতে হবে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সংসদ সদস্যদের প্রতি বিনীত আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: জননিরাপত্তা রক্ষায় ঢাকা থেকে গোপালগঞ্জে ৮ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

অধিবেশনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন স্পিকার। সংসদ পরিচালনায় সহযোগিতার জন্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ ও হুইপ, ডেপুটি স্পিকার এবং সভাপতিমণ্ডলীর সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

এ ছাড়া সংসদ সচিবালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন স্পিকার।

বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও কর্মকর্তাদেরও ধন্যবাদ জানান তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে দেশ ও জাতির সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করেন স্পিকার। পরে সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত অধিবেশন সমাপ্তির আদেশ পাঠ করেন তিনি।

এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন স্পিকার।