বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি
চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার পরামর্শ দিয়েছেন ভারতের কয়েকজন রাজনৈতিক নেতা। এদিকে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের পথ পর্যালোচনায় আওয়ামী লীগের চার শীর্ষ নেতা পেট্রাপোল-বেনাপোল সীমান্ত পরিদর্শন করেছেন বলে খবর প্রকাশ করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২২ নভেম্বর) বিকেল থেকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ও আশপাশের সীমান্ত এলাকায় বিজিবির বাড়তি তৎপরতা দেখা যায়। সীমান্তে টহল জোরদারের পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।
আরও পড়ুন: নাশকতা, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের
বিকেলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান চেকপোস্ট এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক মেজর মাসেদুল।
ভারতের কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম প্রথম কলকাতা, জি ২৪ ঘণ্টা ও মুখপত্র পোস্টসহ কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে শেখ হাসিনার সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে খবর প্রকাশের পর বেনাপোল সীমান্ত ঘিরে আলোচনা শুরু হয়।
আরও পড়ুন: সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর জাহাজ দেখতে দর্শনার্থীদের ভিড়
ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ পর্যালোচনা করতে রোববার সকালে কলকাতা থেকে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত পরিদর্শনে যান আওয়ামী লীগের চার নেতা। তাঁরা হলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব ও সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম।
তবে শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়েই দেশে ফিরবেন—এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে আওয়ামী লীগের এক নেতার বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। প্রতিবেদনে সম্ভাব্য প্রবেশপথ হিসেবে পশ্চিমবঙ্গের বসিরহাট-সাতক্ষীরা সীমান্তের ঘোজাডাঙা, মালদহ-চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের মাহদীপুর-সোনামসজিদ এবং ত্রিপুরার কয়েকটি সীমান্ত চেকপোস্টের কথাও উল্লেখ করা হয়েছে। সবকটি পথ পর্যালোচনার পর সম্ভাব্য প্রবেশপথ নির্ধারণ করা হবে বলে ওই সূত্রের দাবি।
এদিকে একই দিন ভারতের পেট্রাপোল সীমান্তে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে দেশটির হিন্দু সুরক্ষা সমিতি এবং মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠন। সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে ভারতের কয়েকজন রাজনৈতিক নেতা অংশ নেন।
ভারতীয় গণমাধ্যম ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সমাবেশে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারসহ কয়েকজন নেতা।
সমাবেশে বিধায়ক স্বপন মজুমদার চিন্ময়কৃষ্ণ দাসের দীর্ঘ কারাবাস ও বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের সমালোচনা করেন। পাশাপাশি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনাকে পেট্রাপোল বন্দর দিয়ে দেশে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।
একই ধরনের বক্তব্য দেন মন্ত্রী অশোক কীর্তনীয়াও। সংশ্লিষ্ট সূত্রের দাবি, বাংলাদেশের জনগণকে রক্ষা এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ উঠে আসে তাঁর বক্তব্যে।
পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ-সমাবেশ এবং শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান ঘিরে দুই দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। রোববার দুপুর ২টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে সমাবেশ শেষ হওয়ার পর বাংলাদেশের বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কতা আরও দৃশ্যমান হয়। বিকেল সাড়ে ৫টার দিকে চেকপোস্ট ও আশপাশের গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টে বিজিবির বাড়তি টহল দেখা যায়।
এ বিষয়ে ৪৯ বিজিবির সহকারী অধিনায়ক মেজর মাসেদুল জানান, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ পথে দুই দেশের মধ্যে যাতায়াত ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টহল বাড়ানো হয়েছে। বেনাপোল চেকপোস্টের প্রধান ফটকসহ সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির টহল দল সতর্ক অবস্থানে থাকবে।





