স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা লুটের ঘটনায় র্যাব ডিবির পাঁচ কর্মকর্তা আটক, টাকা উদ্ধার
সাভারে স্বর্ণ ব্যবসায়ী আকাশ অসীমের কাছ থেকে ৬৫ লাখ টাকা লুটের ঘটনায় র্যাব ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পাঁচ কর্মকর্তা সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী আটককৃতরা হলেন- গোয়েন্দা পুলিশ সদস্যরা হেলাল উদ্দিন, শরিয়ত উল্লাহ শাওন এবং র্যাব সদস্যরা হলেন- ফরিদ, মিজান ও মুকিদুল। তারা র্যাব-১০ সিপিসি-২-এ কর্মরত।
আরও পড়ুন: কামরাঙ্গীরচরে যুবক খুন, ৪ ঘণ্টার মধ্যেই দুই ঘাতক গ্রেপ্তার
এছাড়া, ঘটনায় মাইক্রোবাস চালক কবির হোসেনকে আটক করা হয়েছে এবং ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
ঢাকা জেলা উত্তর ডিবি’র ইন্সপেক্টর জালাল উদ্দীন এবং মুন্সীগঞ্জ পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বিআরটিএ ওয়েবসাইট ক্লোন করে প্রতারণা, ৩ সদস্য গ্রেপ্তার
পুলিশ জানায়, ৭ নভেম্বর সকালে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার রানিখাল ইউনিয়নের তিন দোকান বাজারের কাছে, আটককৃতরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে স্বর্ণ ব্যবসায়ী আকাশ অসীমের নগদ ৬৫ লাখ টাকা ও মোবাইল ফোন লুট করে।
ঘটনার তদন্তে উপ-পরিদর্শক মোয়াজ্জেম হোসেন নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সক্রিয় হয়। মাওয়া এক্সপ্রেসওয়ের ৫০টি সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই করে ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস শনাক্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাইক্রোবাস ভাড়া নিয়ে ‘ডিবি পরিচয়’ ব্যবহার করে ডাকাতি করত। শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে মাইক্রোবাস চালক কবির হোসেনকে আটক করা হয় এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়। এরপর ধাপে ধাপে আটক করা হয় ডিবি ও র্যাবের সংশ্লিষ্ট পাঁচ সদস্যকে।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও তদন্তের মাধ্যমে এই চক্রের সন্ধান পাওয়া গেলেও, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংশ্লিষ্টতার কারণে পুলিশ প্রশাসন বিব্রত। বৃহস্পতিবার পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।





