হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি করিম মাসুদ ওরফে রাহুলের ঘনিষ্ঠ সহযোগী ফয়সাল রুবেল আহমেদ (৩৩) আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান।
আরও পড়ুন: অনলাইন জুয়া ও অর্থপাচার: টাঙ্গাইলে আরও ৪ জন গ্রেপ্তার
তিনি জানান, দুই দফায় ৯ দিনের রিমান্ড শেষে রুবেলকে শনিবার (৩১ জানুয়ারি) আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রো (পূর্ব) এর সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা রুবেলকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত করান এবং তা রেকর্ড করার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, গত ২১ জানুয়ারি মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জের আটি নয়াবাজার এলাকা থেকে ডিবি পুলিশের সহায়তায় রুবেলকে গ্রেফতার করে সিআইডি।
আরও পড়ুন: কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার আত্মসাৎ: চক্রের ০২ সদস্যকে গ্রেফতার
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর, রাজধানীর বিজয়নগর এলাকায় পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী ওসমান হাদিকে গুলি করেন। হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।





