কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জে অভিযান

উগ্রবাদী সংগঠনের ৪ সদস্য গ্রেফতার, অস্ত্র-ড্রোনসহ সরঞ্জাম উদ্ধার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:০৫ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জ এলাকায় পৃথক অভিযানে উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর গোয়েন্দা-রমনা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ ইমরান চৌধুরী (২৯), মোঃ মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) ও আবু বক্কর (২৫)।

আরও পড়ুন: কামরাঙ্গীরচরে যুবক খুন, ৪ ঘণ্টার মধ্যেই দুই ঘাতক গ্রেপ্তার

গোয়েন্দা-রমনা বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে কামরাঙ্গীরচর থানাধীন তারা মসজিদ সংলগ্ন কয়লাঘাট এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মোঃ ইমরান চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কেরাণীগঞ্জ থানাধীন জিয়ানগর এলাকা থেকে তার ছোট ভাই মোস্তাকিম চৌধুরীকে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাপ্ত তথ্য যাচাইয়ের ভিত্তিতে পরে কামরাঙ্গীরচর থানাধীন রসুলপুর এলাকা থেকে রিপন হোসেন শেখ ও আবু বক্করকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: বিআরটিএ ওয়েবসাইট ক্লোন করে প্রতারণা, ৩ সদস্য গ্রেপ্তার

অভিযানকালে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, ১৪ রাউন্ড গুলি, ৩টি গুলির খোসা, একাধিক স্মার্টফোন, ডিভিআর, একটি ড্রোন ও এর যন্ত্রাংশ, মাল্টিফাংশনাল চার্জার, মেটাল ডিটেক্টর, ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, ব্যাগ এবং উগ্রবাদী মতাদর্শ সংশ্লিষ্ট বই উদ্ধার করা হয়েছে।

গোয়েন্দা সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা একটি উগ্রবাদী সংগঠনের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

সন্ত্রাস, উগ্রবাদ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।