শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেট থেকে প্রায় ১৬ কেজি স্বর্ণের বার জব্দ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ন, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ৮:৫৩ পূর্বাহ্ন, ২০ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আনুমানিক ১৬ কেজি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।

রোববার (১৯ জুলাই) দুপুরে কার্গো ভিলেজের ৯ নম্বর গেট এলাকায় খালাসের অপেক্ষায় থাকা একটি ফলের চালানে অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আরও পড়ুন: কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার আত্মসাৎ: চক্রের ০২ সদস্যকে গ্রেফতার

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিজিএফআই সদস্যরা কার্গো ভিলেজের আমদানি শাখায় অভিযান পরিচালনা করেন। পরে ঢাকা কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতিতে ফলের ক্যারেটটি ভেঙে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় ক্যারেটের নিচে দুটি কাঠের ফাঁপা অংশে বিশেষভাবে লুকিয়ে রাখা কচটেপে মোড়ানো স্বর্ণের বার একে একে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ১৬ কেজি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন: টাকা না দিলে ব্যবসায়ী ও পরিবারের সদস্যদের ক্ষতির হুমকি,পল্লবী থানায় লিখিত অভিযোগ

কাস্টমস সূত্রে জানা যায়, চালানটি হংকং থেকে ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইটে বাংলাদেশে আসে। ফলগুলো ফুডলিঙ্ক নামে একটি প্রতিষ্ঠানের নামে আমদানি করা হয়েছিল।

কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে বিমানবন্দর ব্যবহার করে অভিনব কৌশলে স্বর্ণ চোরাচালানের প্রবণতা বেড়েছে। এ ধরনের চোরাচালান রোধে নজরদারি ও তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।