এক দিনের ব্যবধানে আবারও কমল সোনার দাম
এক দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ৮৫৮ টাকা কমেছে। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নেমে এসেছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকায়।
বুধবার (২৫ নভেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
আরও পড়ুন: আবারও বাড়ল সোনার দাম
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। আগের দিন মঙ্গলবার এই দাম ছিল ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা।
আরও পড়ুন: পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি মালিক-শ্রমিকপক্ষ
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮৮ হাজার ২৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।
সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেটের রুপা ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের রুপা ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গয়নার নকশা অনুযায়ী মজুরি দিতে হবে। নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে গয়না বদল করলে ৯ শতাংশ এবং বিক্রি করলে ১৫ শতাংশ বাদ দিতে হবে। তবে এ ক্ষেত্রেও আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না।
পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে নতুন নির্ধারিত দাম ও এসব নিয়ম কার্যকর থাকবে।





