শ্রমিক অসন্তোষে গার্মেন্টস বাজার হারানোর শঙ্কা
ছবিঃ সংগৃহীত
# অর্ডারমতো পোশাক পাঠাতে না পেরে দুশ্চিন্তায় মালিকরা
# মারাত্মক ক্ষতির ঝুঁকিতে ব্যবসা ছাড়ার চিন্তা অনেকের
# মজুরি নির্ধারণে মালিক-শ্রমিক বিরোধে জটিলতা
# পোশাক খাতের অস্থিরতায় বিপর্যস্ত হতে পারে ব্যাংক খাত
# উৎপাদন বন্ধে দৈনিক ৪০০ কোটি টাকার বেশি রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে
বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় জোগানদাতা তৈরি পোশাক শিল্প। দেশের মোট পণ্য রপ্তানির প্রায় ৮০ শতাংশই আসে এ খাত থেকে। পোশাক শিল্পে চলমান শ্রমিক অসন্তোষ ও উৎপাদন ব্যাহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক বাজার হারানোর গুরুতর শঙ্কা তৈরি হয়েছে। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মজুরি আন্দোলন নিয়ে দেশের প্রধানতম বৈদেশিক মুদ্রা অর্জনকারীও দেশের কর্মসংস্থানের শিল্প গার্মেন্টসখাত এখন পুরোপুরি অনেকটাই অচল।মজুরির বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনে গাজীপুর, নারায়ণগঞ্জ, আশুলিয়া, ঢাকার মিরপুর ও নারায়ণগঞ্জের গার্মেন্টস কারখানা এলাকায় এখন প্রতিদিনই রণক্ষেত্রের দৃশ্য দেখা যায়। শ্রমিকদের রুটি-রুজির কর্মস্থলে গিয়ে মজুরির দাবিতে ধর্মঘট, সড়ক অবরোধ, পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পোশাক কারখানাগুলোতে দীর্ঘ অস্থিরতা কোনভাবেই থামছে না। আসন্ন শীত মৌসুমে বিদেশি বায়ারদের অর্ডারমতো পোশাক সরবরাহ করাই এখন মালিকদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সময়মতো অর্ডার সরবরাহ করতে না পারলে বাজার হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা। গার্মেন্টস ব্যবসার অনিশ্চিত এই আন্দোলনের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওটা নিয়ে অনেকেই ফ্যাক্টরি বিক্রি করে ব্যবসা ছাড়ার কথা ভাবছেন।
তিন থেকে চার হাজার কোটি টাকা ক্ষতির শঙ্কা: মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের কারণে এ খাতে তিন থেকে চার হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান বিদেশি ক্রেতাদের স্থানীয় প্রতিনিধিদের সংগঠন বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। গত বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ পর্যবেক্ষণ তুলে ধরে বিজিবিএ সভাপতি আব্দুল হামিদ বলেছেন, এর প্রভাব শুধু তৈরি পোশাক শিল্পেই সীমাবদ্ধ থাকবে না। পরিবহন, ব্যাংকিং, লজিস্টিকস, রপ্তানি ও অন্যান্য খাতেও পড়বে। গত মাসের শেষের দিকে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনে নামে শ্রমিক পোশাক শ্রমিকরা। আন্দোলনের মধ্যে ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে সরকার। এর পরও রাজধানীর মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন। তবে এরপর আবার রাস্তায় নামে শ্রমিকরা। এ অবস্থায় কারখানা ছুটি বা অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করছেন উদ্যোক্তারা। উৎপাদন কার্যক্রম বন্ধ থাকলে তৈরি পোশাক শিল্পে দৈনিক ২ হাজার কোটি টাকা থেকে ২ হাজার ২০০ কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হয় বলে পর্যবেক্ষণ তুলে ধরেন বিজিবিএ সভাপতি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে, গত ২০২৫-২৬ অর্থবছরে মোট পণ্য রপ্তানি হয়েছে ৪৮ বিলিয়ন ডলারের বেশি পণ্য। এর মধ্যে শুধু তৈরি পোশাক থেকেই এসেছে ৩৮ বিলিয়ন ডলার। চলতি অর্থবছরের প্রথম চার মাসে ১৭ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে; যার ৭৬ শতাংশের বেশি এসেছে এ খাত থেকে। তবে চলমান অস্থিরতায় এক-তৃতীয়াংশ কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় দৈনিক ৪০০ কোটি টাকার বেশি রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ব্যবসায়ীদের মতে, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক বাজারে শীতকালীন পোশাকের ক্রয়াদেশ ও উৎপাদনের চাপ থাকে। ফলে এই সময়ে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় ব্যয় বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতাও কমতে পারে বাংলাদেশের।বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘চলমান এই আন্দোলনের কারণে একটা সময় বেশ কিছু কারখানা বন্ধ হয়ে যাবে। সবচেয়ে বড় যে ক্ষতিটা হবে, দেশের বাইরের ক্রেতারা আতঙ্ক-উদ্বেগের কারণে এখান থেকে ব্যবসা সরিয়ে নেওয়ার পরিকল্পনা করতে পারে।’ প্রায় ৪০ লাখ শ্রমিকের জীবিকা এবং অসংখ্য সহযোগী শিল্পের ভবিষ্যতও এই শিল্পের সঙ্গে জড়িত। তাই চলমান সংকট দূর করে টেকসই সমাধানের তাগিদ বিশ্লেষকদের।অর্থনীতিবিদ এম এম আকাশ বলেন, ‘এই আন্দোলন যত বেশি রাজনীতিকীকরণ হবে এবং রাষ্ট্রীয় নিপীড়নের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে তত এটা জটিলতা সৃষ্টি করবে। অর্থনীতিতে ইতোমধ্যে বড় প্রভাব পড়ে গেছে।
পণ্য ক্রেতার কাছে পৌঁছানো নিয়ে উৎকণ্ঠা: গত সোমবার ও মঙ্গলবার আশুলিয়া এবং সাভারের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায় বেশকিছু কারাখানার গেটে কারখানা বন্ধের নোটিশ টাঙিয়ে রাখা হয়েছে। কবে খুলবে সেটা জানেন না শ্রমিকেরা। এমনকি মালিকপক্ষও নিশ্চিত না আদৌ কারখানা খোলা যাবে কিনা। বিশেষ করে গাজীপুরে লাগাতার কয়েক দিনের শ্রমিক-বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার পর সেখানেও অনিশ্চয়তা বেড়েছে। এমনকি একদিনে তিন’শ তৈরি পোশাক কারখানা বন্ধেরও নজির আছে। বন্ধ হয়ে যাওয়া এসব কারখানায় উৎপাদন না হওয়ায় তারা ক্রেতাদের পণ্য কীভাবে পাঠাবেন তা নিয়ে দুঃশ্চিন্তায় মালিকরা। চোখে-মুখে উৎকন্ঠা নিয়ে সাভারের একটি তৈরি পোশাক কারখানার ম্যানেজার শওকত আলী বলেন,‘ধরেন আমাদের একটা কারখানায় দিনে চার হাজার পিস শার্ট উৎপাদন সক্ষমতা আছে। এখন পনের দিন বন্ধ থাকায় ৬০ হাজার পিস উৎপাদন হলো না। আমারতো এখানেই ক্ষতি ৫ কোটি টাকা। এই ক্ষতিটা একদম দেখা যাচ্ছে। যেটা দেখা যায় না, সেটা হলো এখান থেকে আরো ৫ কোটি টাকা লাভ করা সম্ভব ছিলো। সেটাও হলো না। টাকা তো লস হলোই এর সঙ্গে আবার এই দিনগুলোর বেতনও দিতে হবে শ্রমিকদের।’ কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলে তো এসব পোশাক উৎপাদন করা সম্ভব, সেক্ষেত্রে কি ক্ষতি কাটিয়ে ওঠা যাবে? এমন প্রশ্নে তার বক্তব্য হচ্ছে, এটা কাটানো কঠিন। ‘ধরেন, উৎপাদনে যে দেরি হয়ে যাবে তাতে দেখা যাবে এক চতুর্থাংশ পণ্য বিদেশি ক্রেতা আর নেবে না। কারণ ঐ দেশে হয়তো সিজন পরিবর্তন হয়ে গেছে। আরেকভাগ পণ্য হয়তো দেরিতে হলেও তারা নেবে, কিন্তু তখন বলবে ডিসকাউন্ট দিতে। আরেকটা অংশ হয়তো বহুগুণ খরচ বহন করে জাহাজের বদলে বিমানে পাঠাতে হবে।’ তিনি যোগ করেন, ’কিন্তু ওভারঅল এটা ওভারকাম করার মতো সুবিধা বা ক্ষমতা কোনো গার্মেন্টস মালিকের নাই। এবং এসবের ফলে কিছু ক্রেতা হারিয়ে যাবে চিরতরে।’
ঋণের কিস্তি পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় মালিকরা : একের পর এক কারখানায় উৎপাদন বন্ধ, শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনায় রফতানি কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি উদ্যোক্তাদের নগদ অর্থের প্রবাহেও চাপ তৈরি হচ্ছে। এতে সময়মতো ঋণের কিস্তি পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন পোশাক কারখানার মালিকরা। আর তাদের ঋণ আদায় নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ছেন ব্যাংকাররা। ব্যাংকার ও পোশাকশিল্পের উদ্যোক্তাদের আশঙ্কা, চলমান অস্থিরতা দ্রুত নিয়ন্ত্রণে না এলে আগামী তিন থেকে চার মাসের মধ্যে ব্যাংকখাতে এর বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিশেষ করে যেসব প্রতিষ্ঠান নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ করে আসছিল, উৎপাদন ও রফতানি আয় ব্যাহত হলে— সেগুলোর ঋণও খেলাপি হওয়ার ঝুঁকিতে পড়বে। এতে আগে থেকেই উচ্চ খেলাপি ঋণের চাপে থাকা ব্যাংক খাতের পরিস্থিতি আরও নাজুক হতে পারে।
মজুরি নির্ধারণ নিয়ে বিলম্বের অভিযোগ : গত অক্টোবর মাসের শেষ সপ্তাহে শ্রমিক অসন্তোষ এবং বিক্ষোভ শুরু হয় মূলত বেতন বাড়ানোর দাবিতে। একপর্যায়ে আন্দোলন বড় হতে থাকলে সরকার মজুরি বোর্ড গঠন করে। গত পহেলা নভেম্বর মজুরি বোর্ড গঠন হওয়ার পর বোর্ডের দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে দ্বিতীয় বোর্ডের সভায় শ্রমিক প্রতিনিধিদের পক্ষ থেকে বত্রিশ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়। এছাড়া মজুরি বোর্ড আগেই সিদ্ধান্ত নেয় ন্যূনতম যে মজুরি ঠিক হবে সেটা আগামী ডিসেম্বর থেকেই কার্যকর হবে।তবে শ্রমিকদের মজুরি প্রস্তাবের পর মালিকরা কত মজুরি প্রস্তাব দেয় তা নিয়ে আগ্রহ ছিলো। তবে শেষপর্যন্ত গত সোমবারের বৈঠক স্থগিত হওয়ায় মালিকদের প্রস্তাব প্রকাশ্যে আসেনি। মজুরি নিয়ে মালিক-শ্রমিক মতবিরোধও স্পষ্ট হয়েছে। বিশেষ করে শ্রমিকসংগঠনগুলোর মধ্যে এমন ধারণা ছড়িয়ে পড়েছে যে, তাদের যে দাবি, মালিকপক্ষ তার চেয়ে অর্ধেকেরও কম মজুরি প্রস্তাব করতে যাচ্ছে। এরমধ্যেই গত সোমবারের বৈঠক স্থগিত হওয়ায় সন্দেহ, সংশয় আরো গাঢ় হয়। মজুরি বোর্ডের পক্ষ থেকে একজন শ্রমিক প্রতিনিধির অসুস্থতার কারণে বৈঠক স্থগিতের কথা বলা হলেও এমন ধারণা ছড়িয়ে পড়ে যে, সরকার মজুরি নির্ধারণ নিয়ে সময়ক্ষেপন করতে চায়। যার মূল কারণ, মালিকপক্ষের সম্ভাব্য কম মজুরি প্রস্তাবের কারণে যেন নতুন করে অস্থিরতা ছড়িয়ে না পড়ে।তবে সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অবশ্য ইতোমধ্যেই গত মঙ্গলবার সংসদে দেওয়া বক্তব্যে মজুরি নির্ধারণ নিয়ে বিলম্বের অভিযোগ নাকচ করে দেন। “উভয়পক্ষ আলোচনা করে একটা সহনীয় পর্যায়ে তারা ন্যুনতম মজুরিটা নির্ধারণ করবেন। সেজন্য কিছুদিন সময় প্রয়োজন। এটা একটা প্রক্রিয়ার বিষয়।”
তিনটি দুর্বলতার কথা : মজুরি নির্ধারণ নিয়ে বিলম্বেও ক্ষেত্রে তিনটি দুর্বলতার কথা সামনে আনছেন মালিক-শ্রমিকরা। প্রথমটি হচ্ছে, শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভ থামাতে না পারা। দ্বিতীয়ত, কারখানাগুলো একের পর এক বন্ধ হয়ে যাওয়া। তৃতীয়টি হচ্ছে, মজুরি চূড়ান্ত করতে বিলম্ব। এ বিষয়ে বিকেএমইএ’র নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, তারা কোন বিলম্ব করতে চান না। তিনি বলেন, ‘আমাদের প্রস্তাব তো রেডি। বৈঠক স্থগিত না হলে আমরা এতোদিন প্রস্তাব দিয়ে দিতাম। এখন আগামী সপ্তাহে যে বৈঠক হবে, সেখানেই প্রস্তাব দেওয়া হবে।’তার মতে, শ্রমিকদের মজুরি দাবি ‘অযৌক্তিক’ হয়েছে।‘একটা কথা আছে যে, কামান চাইলে পিস্তল পাওয়া যাবে। আমার মনে হয় ঐরকম একটা থিওরিতে আসলে তারা প্রস্তাবটা দিয়েছেন। কিন্তু আমি মনে করি এই ধরনের অযৌক্তিক প্রস্তাব দেওয়াটা আসলে উচিত হয়নি। এতে সাধারণ শ্রমিকদের মনে (মজুরি নিয়ে) একটা উচ্চ আকাঙ্ক্ষা সৃষ্টি হয়। এখন সেটা যদি বাস্তবে তারা না পায়, তাহলে কিন্তু আরেকটা অসন্তোষের রিস্ক তৈরি হলো।’ বলেন ফজলে শামীম এহসান।মালিকপক্ষের কথায় বোঝা যায়, তাদের মজুরি প্রস্তাব কম হবে। ফলে সেই প্রস্তাব জমা হলে সেটা নতুন করে অসন্তোষ এবং বিক্ষোভ তৈরি করতে পারে সেই আশঙ্কাও আছে।নলেজ হাব ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এবং অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, মজুরি নির্ধারণের প্রক্রিয়াটা দ্রুত করা দরকার।‘যদি একটা ভালো প্রস্তাব আসে, তাহলে আমার ধারণা, আন্দোলনটা এরপর চললেও সেটার তখন খুব একটা ভিত্তি থাকবে না। এবং তখন এ ধরনের আন্দোলনগুলো একটা পর্যায়ে গিয়ে মিটিয়ে ফেলা যাবে। এবং সেখানে বাইরের রাজনৈতিক উপাদানগুলো খুব বেশি সেখানে উস্কাতে পারবে না। কিন্তু তা না করে যদি এটিকে প্রলম্বিত করা হয় তাহলে সব বিষয় একসঙ্গে ঘনীভূত হয়ে সমস্যাটিকে আরো জটিলতর করতে পারে’ বলেন খন্দকার গোলাম মোয়াজ্জেম।
গার্মেন্টস মালিকরা বলছেন, আগামী সপ্তাহেই তারা মজুরি প্রস্তাব দেবেন। কিন্তু এরপর এটা চূড়ান্ত হতে আলাপ-আলোচনা কতদিনে গড়াবে সেটা অনিশ্চিত।কিন্তু প্রশ্ন হচ্ছে, মজুরি নিয়ে আলোচনার মধ্যেই কারখানা বন্ধ কিংবা বিক্ষোভ কেন হচ্ছে? এরজন্য সরকার মূলত আওয়ামী লীগকেই দায়ী করছে।গত মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সংসদে বলেন, “এখন যে অসন্তোষ চলছে, আমাদের কাছে যে তথ্য আছে, আমি বলব তারা শ্রমিকের মধ্যে মিশে গিয়েছে। কিছু শ্রমিক নামধারী তারা এই অসন্তোষটাকে জিইয়ে রাখতে চায়। তারা ফ্যাসিবাদি শক্তি, তারা আওয়ামী লীগ।”পরিশেষে বলা যায়, দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি তৈরি পোশাকখাতকে টিকিয়ে রাখতে হলে মালিক, শ্রমিক ও সরকারের মধ্যে জরুরিভিত্তিতে ফলপ্রসূ সংলাপ প্রয়োজন। শ্রমিকদের ন্যায্য মজুরি ও জীবনযাত্রার মানোন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি কারখানার উৎপাদন পরিবেশ স্বাভাবিক রাখা অপরিহার্য। পারস্পরিক আস্থা ও দ্রুত সমঝোতার মাধ্যমেই কেবল চলমান সংকট কাটিয়ে ওঠা সম্ভব এবং বিশ্ববাজারে বাংলাদেশের এই শীর্ষ অবস্থান ধরে রাখা যাবে।





