এলপি গ্যাসের দামে আবারও বড় লাফ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ন, ০২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৬:৪৬ অপরাহ্ন, ০২ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেব্রুয়ারি মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভোক্তা পর্যায়ে এলপিজির দাম আরও বাড়ানো হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ সংক্রান্ত ঘোষণা দেয়। ঘোষণার পরই সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

আরও পড়ুন: কমলো সোনার দাম, আজ থেকে নতুন দাম কার্যকর

নতুন নির্ধারিত দামে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা করা হয়েছে। এর আগে জানুয়ারি মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩০৬ টাকা।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, আন্তর্জাতিক বাজারদর ও সংশ্লিষ্ট ব্যয় সমন্বয় করে ফেব্রুয়ারি মাসের জন্য নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: জানুয়ারিতে দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহিত

এর আগে গত ৪ জানুয়ারি এলপিজির দাম সমন্বয় করা হয়। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।

একইসঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূল্য প্রতি লিটার ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে মূসকসহ ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি।

এর আগে জানুয়ারিতে অটোগ্যাসের দাম প্রতি লিটার ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে মূসকসহ ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।