ভ্যাটসহ স্বর্ণালংকারের নতুন দাম ঘোষণা, ভরিতে কমেছে ৯ হাজার টাকা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ন, ১৮ জুন ২০২৬ | আপডেট: ১:০৯ অপরাহ্ন, ১৮ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে সোনা ও রুপার নতুন মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রথমবারের মতো ভ্যাট অন্তর্ভুক্ত করে স্বর্ণালংকারের বিক্রয়মূল্য প্রকাশ করেছে সংগঠনটি।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। আগের দামের তুলনায় প্রতি ভরিতে ৯ হাজার ১৩ টাকা কমেছে।

আরও পড়ুন: দেশের বাজারে আবারও বেড়েছে সোনা ও রুপার দাম

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।

বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে নতুন দর নির্ধারণ করা হয়েছে। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন: রিভোর ২০ হাজার টাকা ছাড়, অফার শেষ ২৫ জুন

এর আগে গত ১৫ জুন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা। এর সঙ্গে ৫ শতাংশ ভ্যাট যোগ করলে স্বর্ণালংকারের বিক্রয়মূল্য দাঁড়াত ২ লাখ ৪১ হাজার ৯৪৩ টাকা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

সোনার পাশাপাশি রুপার নতুন মূল্যও নির্ধারণ করেছে বাজুস। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সোনা ও স্বর্ণালংকারের ওপর ভ্যাট আরোপের পদ্ধতিতে পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। আগে মোট বিক্রয়মূল্যের ওপর ৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য ছিল। ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এবার নির্দিষ্ট হারে ভ্যাট নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

নতুন বাজেট প্রস্তাব অনুযায়ী, প্রতি ভরি সোনার ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট ধার্য করা হয়েছে। এ কারণেই প্রথমবারের মতো ভ্যাটসহ স্বর্ণালংকারের মূল্য তালিকা প্রকাশ করেছে বাজুস।