সবজির বাজারে আবার অস্থিরতা, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৬ | আপডেট: ৫:৫৫ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর খুচরা বাজারে আবারও ঊর্ধ্বমুখী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। বিশেষ করে সবজির বাজারে অস্থিরতা বেড়েছে, যার প্রভাব পড়েছে সাধারণ ক্রেতাদের ওপর। বেশির ভাগ সবজির দাম এখন ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। পাশাপাশি পেঁয়াজ, মাছ, ব্রয়লার মুরগি ও ডিমের দামও তুলনামূলক বেশি।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজারে এমন চিত্র দেখা গেছে।

আরও পড়ুন: আগস্ট মাসের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখল সরকার

বাজার ঘুরে দেখা যায়, কাঁচা মরিচ প্রতি কেজি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুনের দাম কেজিপ্রতি ১২০ থেকে ১৮০ টাকা এবং টমেটো বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকায়। করলার দাম ১০০ থেকে ১৪০ টাকা।

এছাড়া পটোল, ঢেঁড়স, কাঁকরোল ও ঝিঙা মানভেদে কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁপে ৪০ টাকা এবং আলু ৩০ টাকা কেজি। গত এক সপ্তাহে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়ে ৬০ টাকায় পৌঁছেছে।

আরও পড়ুন: একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন

অন্যান্য সবজির মধ্যে কচুর লতি ৮০ থেকে ১০০ টাকা, কচুরমুখী ৮০ থেকে ১০০ টাকা, শসা ১০০ টাকা, বরবটি ১০০ টাকা, গাজর ১৪০ টাকা এবং মিষ্টি কুমড়া ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

লেবুর হালি বিক্রি হচ্ছে ১৫ থেকে ৩০ টাকায়। দেশি ধনেপাতা কেজিপ্রতি ৩০০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ২২০ টাকা। কাঁচা কলা প্রতি হালি ৪০ থেকে ৫০ টাকা, চালকুমড়া প্রতিটি ৬০ থেকে ৮০ টাকা এবং কেপসিকাম ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শাকের বাজারেও দাম বেড়েছে। লাল শাকের আঁটি ২৫ টাকা, লাউ শাক ৫০ টাকা, কলমি শাক দুই আঁটি ৪০ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং ডাঁটা শাক দুই আঁটি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারে প্রতি কেজি চিংড়ি ৮০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, রুই ৩০০ থেকে ৪৫০ টাকা এবং টেংরা ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল মাছ ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চাষের শিং মাছ আকারভেদে ৩০০ থেকে ৪৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অন্যদিকে বড় আকারের রূপচাঁদা, শোল ও নদীর বেলে মাছ কিনতে হাজার টাকার বেশি গুনতে হচ্ছে।

ইলিশের বাজারেও উচ্চমূল্য বজায় রয়েছে। ৩০০ গ্রাম ওজনের এক কেজি ইলিশ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকা, ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা এবং এক কেজি ওজনের ইলিশ ৩ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

মুরগির বাজারে সোনালি ৩০০ টাকা, লাল লেয়ার ৩৫০ টাকা, ব্রয়লার ১৮০ থেকে ১৯০ টাকা এবং দেশি মুরগি ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

ডিমের বাজারে এক ডজন লাল ডিম ১৫০ টাকা, হাঁসের ডিম ২০০ টাকা, দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিমের হালি ৭০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।