ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি আবেদন শুরুর তারিখ ঘোষণা

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ন, ২১ অক্টোবর ২০২৫ | আপডেট: ৬:৩৫ পূর্বাহ্ন, ০১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে আগামী ২৯ অক্টোবর থেকে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক সম্পদ, সদস্যসচিব মাহফুজ

ভর্তি আবেদন করা যাবে আগামী ২৯ অক্টোবর বুধবার দুপুর ১২টা থেকে ১৬ নভেম্বর রবিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার পঞ্চাশ (১০৫০) টাকা। ফি জমা দেওয়া যাবে সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী—এই চার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যেকোনো শাখায়, অথবা অনলাইনে ডেবিট-ক্রেডিট কার্ড ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর ২০২৫ শনিবার, আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ নভেম্বর ২০২৫ শুক্রবার, ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ৬ ডিসেম্বর শনিবার, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১৩ ডিসেম্বর শনিবার, এবং বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ২০ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ঢাবির ৬ অধ্যাপককে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি, সাদেকা হালিম সাময়িক বরখাস্ত

সব ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত চলবে। চলতি শিক্ষাবর্ষে ভর্তি আবেদন, যোগ্যতা ও বিস্তারিত নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।