দাবি আদায়ে শিক্ষকদের আল্টিমেটাম: আজ থেকে লাগাতার কর্মবিরতি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:১০ পূর্বাহ্ন, ২৭ নভেম্বর ২০২৫ | আপডেট: ৯:১০ পূর্বাহ্ন, ২৭ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে আরও কঠোর অবস্থানে যাচ্ছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ। আশ্বাস থাকা সত্ত্বেও কোনো অগ্রগতি না হওয়ায় তারা আগের সিদ্ধান্ত পরিবর্তন করে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য পূর্ণদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) সংগঠনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বঘোষণা অনুযায়ী ৩০ নভেম্বর আন্দোলন শুরুর পরিকল্পনা ছিল। তবে মাঠপর্যায়ের শিক্ষকদের প্রত্যাশা, সাম্প্রতিক পরিস্থিতি এবং দাবি বাস্তবায়নে ধীরগতি বিবেচনায় এনে কর্মসূচি দুই দিন এগিয়ে আনা হয়েছে।

আরও পড়ুন: জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক সম্পদ, সদস্যসচিব মাহফুজ

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও পরে শাহবাগে ‘কলম সমর্পণ’ কর্মসূচির সময় পুলিশি হামলায় শতাধিক শিক্ষক আহত হন। এর পরপরই ৯ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং ১০ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হলেও প্রতিশ্রুত তিন দফা দাবির বিষয়ে এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

সংগঠনটি জানায়, আলোচনার পর ১৫ দিন অতিবাহিত হলেও কোনো প্রজ্ঞাপন, পদক্ষেপ বা বাস্তবায়ন-সংক্রান্ত নোটিশ জারি না হওয়ায় শিক্ষক সমাজ ক্ষুব্ধ। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শাহবাগে আহত সহকারী শিক্ষক ফাতেমা আক্তার চিকিৎসাধীন অবস্থায় ১৬ নভেম্বর মারা যান, যা শিক্ষক সমাজের ক্ষোভ আরও বাড়িয়েছে।

আরও পড়ুন: ঢাবির ৬ অধ্যাপককে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি, সাদেকা হালিম সাময়িক বরখাস্ত

শিক্ষকদের ৩ দফা দাবি:

১. সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করা

২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড বাস্তবায়নে জটিলতা দূর করা

৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা

সংগঠনের দাবি, সরকারের আশ্বাসের পরও কোনো কার্যকর পদক্ষেপ না আসায় শিক্ষক সমাজ আন্দোলনে বাধ্য হয়েছে।