ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করলো সৌদি আরব
শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর আগামী ২০ মার্চ উদযাপিত হবে। বুধবার (১৮ মার্চ) আন্তর্জাতিক গণমাধ্যম গলফ নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ার পর দেশটির চাঁদ দর্শন কমিটি বৈঠকে বসে বিষয়টি পর্যালোচনা করে। পরবর্তীতে ৩০ দিনের রোজা পূর্ণ করে পবিত্র মাহে রমজান শেষ হওয়ার ঘোষণা দেওয়া হয়। ইসলামী শরিয়াহ অনুযায়ী চাঁদ দেখার ওপর ভিত্তি করেই নতুন মাসের সূচনা নির্ধারিত হয়।
আরও পড়ুন: খামেনির জানাজা সম্পন্ন, তেহরানে লাখো মানুষের সমাগম
এর আগে চলতি মাসের শুরুতে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছিল, বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য ঈদের ছুটি ১৮ মার্চ রাত থেকে শুরু হয়ে চারদিন চলবে। সৌদি শ্রম আইন অনুযায়ী এই ছুটি কার্যকর হবে।
মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আল রুজাইকি বলেন, আগাম ছুটির ঘোষণা কর্মদাতা ও কর্মীদের জন্য পরিকল্পনা সহজ করে। এর ফলে প্রতিষ্ঠানগুলো কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে এবং একই সঙ্গে কর্মীদের উৎসবকালীন ছুটির অধিকার নিশ্চিত হবে।
আরও পড়ুন: অনেকদিন পর জনসম্মুখে আইআরজিসি প্রধান





