চবিতে গ্রীন ভয়েসের উদ্যোগে সুন্দরবন দিবস উদযাপন

Sanchoy Biswas
মো. সাবিত বিন নাছিম, চবি প্রতিনিধি
প্রকাশিত: ১০:০১ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৫:৩০ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১৪ ফেব্রুয়ারি গ্রীন ভয়েসের উদ্যোগে সুন্দরবন ও পরিবেশকে বাঁচাতে তরুণদের উদ্যোগে নানামুখী আয়োজনে সুন্দরবন দিবস পালন করা হয়।

গ্রীন ভয়েস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক সুন্দরবন দিবসে আয়োজিত অনুষ্ঠানে সচেতনতামূলক র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। উক্ত অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গান, বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার সুযোগ ছিল।

আরও পড়ুন: যবিপ্রবিতে ক্যাম্পাস অ্যাক্টিভেশন প্রোগ্রামের মাধ্যমে তরুণদের ক্ষমতায়নে কাজ করছে বিজমেকার

সচেতনতামূলক র‍্যালিটি শহীদ মিনার থেকে কেন্দ্রীয় গ্রন্থাগার পর্যন্ত শোভাযাত্রা শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর প্রাঙ্গণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সংগঠনের নবীন-প্রবীণ শিক্ষার্থী এবং আমন্ত্রিত শিক্ষার্থীরা। বিজয়ীদের মাঝে তাৎক্ষণিকভাবে পুরস্কার প্রদান করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশপ্রেমিক শিক্ষার্থীদের নিয়ে সুন্দরবন দিবস উদযাপনে সভাপতিত্ব করেন গ্রীন ভয়েস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অনিক সরকার। তিনি বলেন, সুন্দরবন দিবস হলো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনকে রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরার একটি বিশেষ দিন। সুন্দরবন শুধু একটি বন নয়, এটি আমাদের প্রাকৃতিক ঢাল, জীবনের উৎস এবং ভবিষ্যৎ প্রজন্মের সম্পদ। সুন্দরবন দিবস আমাদের দায়িত্বের কথা মনে করিয়ে দেয়, প্রকৃতিকে রক্ষা করা মানেই নিজেদের রক্ষা করা।

আরও পড়ুন: বার্মিজ ভাষা প্রশিক্ষণ প্রকল্পে সাফল্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ইউনেস্কো

"আসুন সুন্দরবনকে ভালোবাসি।" "সুন্দরবন বাঁচলে, বাঁচবে বাংলাদেশ।"—এই স্লোগানে এবং সুন্দরবন ও প্রকৃতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।