এসএসসি ২০২৬ এর প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ন, ২২ মার্চ ২০২৬ | আপডেট: ২:৫২ অপরাহ্ন, ২২ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রস্তুতি শেষ পর্যায়ে। এ উপলক্ষে পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের সময়সূচি ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বোর্ডের ঘোষণা অনুযায়ী, আগামী ৫ ও ৬ এপ্রিল সংশ্লিষ্ট কেন্দ্রসচিবদের কাছে পরীক্ষার্থীদের প্রবেশপত্র হস্তান্তর করা হবে। ৫ এপ্রিল ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর ও টাঙ্গাইল জেলার কেন্দ্রসচিবরা প্রবেশপত্র সংগ্রহ করবেন। পরদিন ৬ এপ্রিল নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার কেন্দ্রসচিবরা তাদের প্রবেশপত্র গ্রহণ করবেন।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের সঙ্গে টিকা প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

কেন্দ্রসচিবরা সংগ্রহ করা প্রবেশপত্র ৭ এপ্রিলের মধ্যে নিজ নিজ কেন্দ্রের অধীনস্থ শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করবেন।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, কেন্দ্রসচিব নিজে অথবা তার অনুমোদিত কোনো শিক্ষক ছাড়া অন্য কাউকে প্রবেশপত্র প্রদান করা হবে না।

আরও পড়ুন: উচ্চশিক্ষা গ্রহণে ১৭ লাখ ডলারের বৃত্তি পেয়েছেন আইএসডির ‘ক্লাস অব’ ব্যাচের শিক্ষার্থীরা

এদিকে প্রবেশপত্র হাতে পাওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের তা ভালোভাবে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার্থীর নাম, পিতামাতার নাম, রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বরে কোনো ভুল থাকলে তা দ্রুত সংশোধনের উদ্যোগ নিতে হবে।

ত্রুটি  পাওয়া গেলে আগামী ৮ থেকে ১৯ এপ্রিলের মধ্যে নির্ধারিত ফরম্যাটে মাধ্যমিক শাখার উপপরীক্ষা নিয়ন্ত্রকের কাছে আবেদন করতে হবে। বোর্ড সতর্ক করেছে, নির্ধারিত সময়ের মধ্যে ভুল সংশোধন না করলে পরীক্ষার হলে কোনো সমস্যা হলে তার দায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকেই নিতে হবে।

পরীক্ষার্থীদের ভোগান্তি এড়াতে এবং নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।