পহেলা বৈশাখে ঢাবি ক্যাম্পাসে কড়াকড়ি, রাতে বন্ধ থাকবে প্রবেশপথ

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ন, ১৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ৪:৫৪ অপরাহ্ন, ১৩ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে প্রবেশ ও চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৩ এপ্রিল) রাত থেকে ক্যাম্পাসে যানবাহন চলাচল ও প্রবেশে কড়াকড়ি আরোপ করা হবে। রোববার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার রাত ১০টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি প্রবেশপথ—শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর, শহীদুল্লাহ হল ও উদয়ন স্কুল—সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। এর মধ্যে শাহবাগ ও নীলক্ষেত প্রবেশপথ মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর ৬টা থেকে এবং দোয়েল চত্বর, শহীদুল্লাহ হল ও উদয়ন স্কুল প্রবেশপথ দুপুর ১২টার পর থেকে পুনরায় খুলে দেওয়া হবে।

আরও পড়ুন: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আইওআই ওশান একাডেমি

বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা এ সময়ে নীলক্ষেত ছাড়া উদয়ন স্কুলের সামনে দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন।

এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন কেবল নীলক্ষেত ও উদয়ন স্কুল গেট দিয়ে প্রবেশ করতে পারবে। জরুরি সেবায় নিয়োজিত যানবাহন—যেমন অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিস—ব্যতীত অন্য কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।

আরও পড়ুন: শিক্ষক সংকটে নতুন উদ্যোগ: অবসরপ্রাপ্ত শিক্ষকদের পুল গঠনের নির্দেশ

নববর্ষের দিন বিকাল ৫টা থেকে আবারও বিশ্ববিদ্যালয় এলাকায় জনসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। এ সময়ে বহিরাগতরা শুধু ক্যাম্পাস ত্যাগ করতে পারবেন, নতুন করে প্রবেশ করতে পারবেন না। এ নির্দেশনা রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদেরকে নির্ধারিত সময়ে অবশ্যই পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, পহেলা বৈশাখের সব উন্মুক্ত কার্যক্রম বিকাল ৫টার মধ্যে শেষ করতে হবে। এর পর কোনো উন্মুক্ত অনুষ্ঠানের অনুমতি থাকবে না।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সকলকে নির্দেশনাগুলো মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে।