ডুয়েটে নতুন ভিসির যোগদান ঘিরে রণক্ষেত্র

শিবির-পুলিশ সংঘর্ষে ইউএনও, সাংবাদিকসহ আহত ১৫

Sanchoy Biswas
বশির আহমেদ কাজল, গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ন, ১৭ মে ২০২৬ | আপডেট: ৬:০৪ অপরাহ্ন, ১৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালের যোগদানকে কেন্দ্র করে ক্যাম্পাসে ব্যাপক সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে পুলিশ কর্মকর্তা, ইউএনও, সাংবাদিক ও শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।

রোববার (১৭ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

আরও পড়ুন: সংবাদ প্রকাশে বাঁধা, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হৃদয়ের নেতৃত্বে সাংবাদিককে মারধর

জানা যায়, গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপন অনুযায়ী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী রোববার সকাল ১০টার দিকে নবনিযুক্ত ভিসি দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে ক্যাম্পাসে পৌঁছান। তবে তার আগেই বিদায়ী ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন, অতিরিক্ত দায়িত্বে থাকা রেজিস্ট্রার আবু তৈয়ব ও শিক্ষক সমিতির কয়েকজন নেতার উস্কানিতে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ‘লাল কার্ড কর্মসূচি’র ব্যানারে মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: স্কাউটে রাষ্ট্রপতি পদক পেলেন কুবি শিক্ষার্থী কিশোর কুমার

অপরদিকে নতুন ভিসিকে স্বাগত জানিয়ে শিক্ষার্থীদের আরেকটি অংশ মূল ফটক খুলে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্যাম্পাসের ভেতর থেকে শিবিরের নেতাকর্মীরা পুলিশ ও শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। জবাবে বাইরে থাকা শিক্ষার্থীরাও পাল্টা ইটপাটকেল ছোড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী দফায় দফায় চলা সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার তাহেরুল হক চৌহান, তিনজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ ৮ পুলিশ সদস্য, গাজীপুর সদর উপজেলার ইউএনও সাজ্জাত হোসেন, দৈনিক দিনকালের গাজীপুর স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন এবং কয়েকজন শিক্ষার্থী আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে ক্যাম্পাসের ভেতরে মূল ফটকের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং নতুন ভিসির যোগদানে বাধা সৃষ্টি করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

শিবির-সমর্থিত শিক্ষার্থীদের একাংশের দাবি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ও প্রশাসনিক বাস্তবতা বিবেচনায় ডুয়েটের অভ্যন্তরীণ কোনো শিক্ষককে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া উচিত ছিল।

অন্যদিকে নতুন ভিসিকে স্বাগত জানানো শিক্ষার্থীদের অভিযোগ, সাবেক ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। তার অনুসারীরাই বহিরাগতদের এনে হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের একটি অংশ গেটের ভেতর থেকে পুলিশ ও সাধারণ শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছে। এতে পুলিশ, সাংবাদিক ও শিক্ষার্থীসহ ১৪ থেকে ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এদিকে দুপুর ২টার দিকে নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন এবং শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাস এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।