জাতীয় পরিবেশ পদক ২০২৫ পেলেন ঢাবি প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবদুস সালাম।
বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস ২০২৬-এর জাতীয় অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে এ পদক তুলে দেন।
আরও পড়ুন: ঢাবিতে খানবাহাদুর আহ্ছানউল্লার শিক্ষা ও অধ্যাত্মচেতনা নিয়ে সেমিনার
এর আগে, গত ৭ জুন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন বিভাগে জাতীয় পরিবেশ পদক ২০২৫-এর জন্য অধ্যাপক ড. আবদুস সালামের নাম ঘোষণা করা হয়।
অধ্যাপক ড. আবদুস সালাম প্রায় ২৫ বছর ধরে পরিবেশ, বায়ুদূষণ, অ্যাটমোসফেরিক সায়েন্স, জলবায়ু পরিবর্তন এবং জনস্বাস্থ্য বিষয়ে গবেষণা করে আসছেন। তাঁর গবেষণায় বাংলাদেশের বায়ুদূষণের উৎস শনাক্তকরণ, বায়ুর মানোন্নয়ন এবং পরিবেশবান্ধব প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রাখা হয়েছে।
আরও পড়ুন: ছাত্রদল নেতার উদ্যোগে ঢাবির বিজয় একাত্তর হলে গঠিত হচ্ছে ফিল্ম ক্লাব
দেশি-বিদেশি স্বনামধন্য বৈজ্ঞানিক সাময়িকীতে তাঁর অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালায় অংশগ্রহণের পাশাপাশি ১৫০টিরও বেশি গবেষণা থিসিস তত্ত্বাবধান করেছেন।
জাতীয় পরিবেশ পদকে ভূষিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং সহকর্মীরা অধ্যাপক ড. আবদুস সালামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ, পরিবেশবিষয়ক শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি এবং গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর তিনজন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে ‘জাতীয় পরিবেশ পদক ২০২৫’ প্রদান করা হয়েছে।





