এইচএসসিতে মাইলস্টোন কলেজের গৌরবময় সাফল্য

ইংরেজি ভার্সনে পাসের হার ১০০%, গড় পাসের হার ৯৯.৮৩%

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:৫০ অপরাহ্ন, ৩১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রতিবছরের মতো ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সাফল্য পেয়েছে রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ। প্রতিষ্ঠানটির বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন থেকে মোট ২ হাজার ৯৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে সামগ্রিক পাসের হার ৯৯ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩১২ জন শিক্ষার্থী। কলেজটির দেওয়া তথ্য অনুযায়ী, ইংরেজি ভার্সনে পাসের হার ১০০ শতাংশ। তিনটি বিভাগেই ভালো ফল করেছে শিক্ষার্থীরা।

বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ৩২৪ জন। এ বিভাগে পাসের হার ৯৯ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২৮৩ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাসের হার ৯৯ দশমিক ৬২ শতাংশ। এ বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে ১২ জন। অন্যদিকে মানবিক বিভাগে ৩১৯ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন।

আরও পড়ুন: এক-দুই বিষয়ে ফেল করা ৪ লাখ ২২ হাজার শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে

ফল প্রকাশের পর কলেজ ক্যাম্পাসে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ উদযাপনের পাশাপাশি একে অপরকে মিষ্টিমুখ করান তাঁরা।

অভিভাবকেরা জানান, ভালো ফলাফল তাঁদের সন্তানদের স্বপ্ন পূরণের পথে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। প্রত্যাশিত ফল পেয়ে শিক্ষার্থীরাও কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও প্রশাসনিক কাজে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন: এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২ শতাংশ

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, একবার ভালো ফল করা চমক হতে পারে। তবে বছরের পর বছর সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা এবং ফলাফলের উন্নতি করা যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য চ্যালেঞ্জের। নিয়মানুবর্তিতা ও সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে মাইলস্টোন কলেজ সেই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করছে। তিনি এইচএসসি পরীক্ষায় ভালো ফল অর্জনের জন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন ও ধন্যবাদ জানান।