ঢাবি ক্যাম্পাসে যান চলাচলে নতুন বিধিনিষেধ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ৫:৫৮ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে যানবাহন প্রবেশ ও চলাচলে নতুন বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। আগামী ২০ নভেম্বর থেকে ক্যাম্পাসে চলাচলকারী মোটরসাইকেলের জন্য নিরাপত্তা স্টিকার বাধ্যতামূলক করা হয়েছে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ১৯ নভেম্বরের মধ্যে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে।

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের স্বাক্ষরে জারি করা পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুন: ইবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ৫ জন আজীবন বহিষ্কারসহ ৩০ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে যারা মোটরসাইকেল ব্যবহার করেন, তাদের নিরাপত্তা স্টিকার সংগ্রহের জন্য আগামী ১৯ নভেম্বরের মধ্যে প্রক্টর বরাবর আবেদন জমা দিতে হবে।

আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট অফিসের সুপারিশ থাকতে হবে। পাশাপাশি মোটরসাইকেলের মালিকানার প্রমাণপত্র, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে। অন্যদিকে, ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের বাইরে অন্যদের যানবাহন প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: কুবিতে রাজনীতির সামনের দরজা বন্ধ, খোলা পেছনের দরজা

তবে নির্দিষ্ট কিছু যানবাহন এ বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যানবাহন, সাংবাদিকদের গাড়ি, রাইড শেয়ারিংয়ের যানবাহন, খাবার সরবরাহকারী গাড়ি, অনলাইন শপিংয়ের পণ্যবাহী যান এবং অন্যান্য সরকারি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে। নতুন এ সিদ্ধান্তের মাধ্যমে ক্যাম্পাসে যানবাহন চলাচল আরও নিয়ন্ত্রিত করার পাশাপাশি শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে চায় কর্তৃপক্ষ।