ধান বিক্রিতে হিসাব মিলছে না কৃষকের
সারের সংকট ও বাড়তি দাম, উৎপাদন খরচের তুলনায় ধানের কম দাম, অন্যান্য ফসলের একই দশা এবং বাজার ও চাহিদার ঘাটতিতে কোনোভাবেই হিসাব মেলাতে পারছেন না কৃষকেরা। শুধু ধান নয়, এর আগে পাট বা সোনালি আঁশ চাষ করেও উৎপাদন খরচের হিসাব মেলাতে পারেননি কৃষকেরা। মূলত সরকারের নির্ধারিত দামে সার না পাওয়ায় অনেক ক্ষেত্রে বস্তাপ্রতি অতিরিক্ত ৬০০ টাকা পর্যন্ত বেশি দামে সার কিনতে হচ্ছে। সার, সেচ ও শ্রমের উচ্চমূল্য দিয়ে ধান চাষ করলেও বাজারে ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না। সরকার নির্ধারিত বা সংগ্রহমূল্যের তুলনায় স্থানীয় হাটবাজারে অনেক সময় কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকেরা।
জানা গেছে, কিশোরগঞ্জে ভালো ফলন হওয়া সত্ত্বেও উৎপাদন খরচের তুলনায় ধানের বাজারদর অনেক কম হওয়ায় কৃষকেরা লোকসানের মুখে পড়ে লাভ-ক্ষতির হিসাব মেলাতে পারছেন না। বর্তমান মৌসুমে বিশেষ করে আগাম আমন ধানচাষিরা প্রতি মণ ধান মাত্র ৫২০ থেকে ৫৫০ টাকা দরে বিক্রি করতে বাধ্য হচ্ছেন, যা তাঁদের উৎপাদন ব্যয়ের চেয়ে অনেক কম। কিশোরগঞ্জ সদরসহ আশপাশের এলাকায় প্রতি বিঘা জমিতে ধান চাষে কৃষকদের ১৫ থেকে ১৬ হাজার টাকা খরচ হয়েছে। বিঘাপ্রতি ধানের ফলন হয়েছে গড়ে ১৮ মণ। বাজারে প্রতি মণ ধান ৫২০ টাকা দরে বিক্রি করলে বিঘাপ্রতি আয় দাঁড়ায় মাত্র ৯ হাজার ৩৬০ টাকা। খড় বিক্রি করে সামান্য কিছু বাড়তি আয় হলেও প্রতি বিঘায় কৃষকদের বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে। স্থানীয় অনেক কৃষকই জমি বর্গা নিয়ে বা ঋণ করে ধান চাষ করেছেন। এমন পরিস্থিতিতে ১৩ বিঘা জমিতে ধান চাষ করে একজন কৃষকের প্রায় ৫২ হাজার টাকা পর্যন্ত লোকসান হওয়ার খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
একই অবস্থার কথা জানালেন নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগডোব গ্রামের কৃষক রেজাউল ইসলাম। এবার দুই বিঘা জমিতে স্বর্ণা-৫ জাতের আমন ধানের আবাদ করেছেন। ধান ঘরে তুলতে এখনো কয়েক দিন বাকি। কিন্তু ফসলের মাঠে দাঁড়িয়ে লাভের হিসাব মেলাতে পারছেন না তিনি। পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে কয়েক দফা কীটনাশক প্রয়োগে খরচ হয়েছে ছয় হাজার টাকা। সেচে ব্যয় হয়েছে আরও ১০ হাজার টাকা। ধান কাটা ও মাড়াইয়ে খরচ হবে প্রায় আট হাজার টাকা। এর বাইরে রয়েছে সার, বীজ ও অন্যান্য উপকরণের ব্যয়। রেজাউল ইসলামের হিসাব অনুযায়ী, জমি চাষ থেকে শুরু করে ধান কাটা-মাড়াই পর্যন্ত প্রতি বিঘায় খরচ হচ্ছে প্রায় ১৫ হাজার টাকা। অথচ প্রতি বিঘায় ফলন হতে পারে ২০-২৫ মণ। উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পাওয়া নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
এর মধ্যে সরকার আমন মৌসুমে প্রতি কেজি ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করেছে ৩৫ টাকা, যা গত বোরো মৌসুমের সংগ্রহমূল্যের চেয়ে এক টাকা কম। ক্ষোভ প্রকাশ করে রেজাউল ইসলাম বলেন, চার মাস ধরে জমিতে পরিশ্রম করে ধান ফলাচ্ছি। পোকামাকড়ের আক্রমণে খরচ বেড়েছে, ফলনও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এখন সরকার যদি কম দামে ধান কেনে, তাহলে উৎপাদন খরচই উঠবে না। এভাবে চলতে থাকলে কৃষকেরা বাঁচবেন কীভাবে? আগামীতে ধানের আবাদই বন্ধ করে দিতে হবে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিক্যাল সিটি প্রতিষ্ঠার উদ্যোগ
শুধু রেজাউল ইসলাম নন, নওগাঁর বিভিন্ন উপজেলার আমনচাষিদের মুখে এখন একই হতাশার কথা। একদিকে সার, বীজ, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি বেড়েছে; অন্যদিকে পোকামাকড়ের আক্রমণে বাড়তি খরচের চাপ সামলাতে হচ্ছে। এর মধ্যে সরকারি সংগ্রহমূল্য কমানোয় কৃষকদের প্রত্যাশায় পড়েছে ধাক্কা। উৎপাদন খরচের সঙ্গে বাজারদরের সামঞ্জস্য না থাকায় আসন্ন আমন মৌসুমে লোকসানের আশঙ্কা করছেন তাঁরা।
চলতি মৌসুমে নওগাঁয় এক লাখ ৯৬ হাজার ১৩০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। সরেজমিনে দেখা যায়, মাঠে মাঠে পাকা ধানের পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা। হেমন্তের বাতাসে দিগন্তজোড়া মাঠে দুলছে সোনালি ধান। আর কয়েক দিনের মধ্যেই পুরোদমে শুরু হবে ধান কাটা ও মাড়াই। গ্রামাঞ্চলে চলছে নবান্নের প্রস্তুতি। তবে ফসল ঘরে তোলার এই আনন্দের মধ্যেও কৃষকের মনে স্বস্তি নেই। উৎপাদন খরচের টাকা তুলে কিছুটা লাভের মুখ দেখা যাবে কি না, সেটাই এখন তাঁদের বড় দুশ্চিন্তা।
নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান বলেন, চলতি মৌসুমে আমনচাষিদের সেচ খরচ বৃদ্ধি পাওয়ায় সরকারি গুদামে ধানের সংগ্রহমূল্য প্রতি কেজিতে এক টাকা বাড়ানোর বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ে মতামত দিয়েছিল কৃষি মন্ত্রণালয়। তবে সেটি কার্যকর হয়নি। আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার।
হাওরে ধানের দামে ধস, বিপাকে কৃষকেরা
হাওরে বোরো ধানের বাজারে বড় দরপতন হয়েছে। গত বছর প্রতি মণ ধান বিক্রি হয় ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়। এবার তা নেমেছে ৯০০ থেকে ১ হাজার টাকায়। অথচ কমেনি চালের দাম। উৎপাদন খরচ তুলতে না পেরে বিপাকে পড়েছেন কৃষকেরা। জমি প্রস্তুত, বীজ, সার, সেচ ও শ্রমিকের মজুরি—সব মিলিয়ে প্রতি মণ ধান উৎপাদনে খরচ প্রায় ১ হাজার ১০০ টাকা। অথচ বিক্রি করতে হচ্ছে ৯০০ থেকে ১ হাজার টাকায়। ফলে প্রতি মণেই লোকসান গুনছেন কৃষকেরা।
কৃষক নেতাদের অভিযোগ, ধানের রং কালচে হওয়ার অজুহাতে কম দামে ধান কিনছেন মিলমালিকেরা। অথচ চালের বাজারে কমেনি দাম। তবে প্রাকৃতিক দুর্যোগে ধানের মান নষ্ট হওয়ায় বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছে খাদ্য বিভাগ। এ অবস্থায় ধানের ন্যায্যমূল্য নিশ্চিত ও চালের বাজারে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন হাওরের কৃষকেরা।
ধানের ন্যায্যমূল্য না পেলে হাওরের কৃষি অর্থনীতি ভেঙে পড়বে
হাওরাঞ্চলের কৃষিনির্ভর অর্থনীতিতে ধানের ন্যায্যমূল্য না পাওয়ার প্রভাব পড়ছে কৃষকের জীবনে। বছরের পর বছর লোকসানের কারণে বড় কৃষক হয়ে পড়ছেন মাঝারি, মাঝারি কৃষক হচ্ছেন ছোট কৃষক। আর ছোট কৃষকদের অনেকেই পরিণত হচ্ছেন ক্ষেতমজুরে। চলতি মৌসুমে বাজারে ধানের দাম কমে যাওয়ায় আরও বিপাকে পড়েছেন কৃষকেরা। এ পরিস্থিতি, লোকসান ও কৃষকের সংকট নিয়ে কথা হয় কৃষক ও জনপ্রতিনিধি মো. সাত্তার মিয়ার সঙ্গে।
তিনি বলেন, বর্তমানে নিম্নমানের ধান ৫০০ থেকে ৫৫০ টাকা মণ বিক্রি হচ্ছে। আর তুলনামূলক ভালো মানের ধান বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা মণ। তবে বৃষ্টির কারণে অনেক ধান কালো হয়ে গেছে। এ ধরনের ধান ব্যবসায়ীরা কিনতে চান না, মিলেও নিতে চান না। খাদ্যগুদামেও এসব ধান কেনা হচ্ছে না। ভালো ধানের দামও এখন ৭০০ থেকে ৮০০ টাকার মধ্যে। এ ছাড়া বাজারে ধানের চাহিদা কমে যাওয়া এবং মিলমালিকদের সিন্ডিকেটের কারণেও কৃষকেরা ন্যায্যমূল্য পাচ্ছেন না। বাজারের এই সিন্ডিকেট দ্রুত বন্ধ করতে হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবার ধান নিয়ে বড় সমস্যায় পড়েছি। ধান বাড়িতে ফেলে রাখতেও পারছি না, আবার বিক্রিও করতে পারছি না। কেউ ধান কিনতে চায় না। শেষ পর্যন্ত আমার ধান অন্যের কাছে দিয়ে দিতে হয়েছে। আগে যেখানে প্রতি মণ ধান ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হতো, এবার কৃষকেরা সেই ধানের ন্যায্য দাম পাচ্ছেন না।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, হাওর এলাকার মানুষের প্রধান ফসল ধান। কৃষির বাইরে আমাদের আয়ের তেমন কোনো পথ নেই। ছেলেমেয়েদের বিয়ে-শাদি, পড়াশোনা, বাজার-সদাই—সবকিছুই ধানের ওপর নির্ভর করে। কৃষক ধানের ন্যায্য দাম না পেলে সংসার চালাবেন কীভাবে? ধান আমাদের জরুরি সম্পদ। এভাবে প্রতিবছর লোকসান হলে কৃষকেরা কৃষিকাজে আগ্রহ হারিয়ে ফেলবেন। এতে কৃষি উৎপাদনও ক্ষতিগ্রস্ত হবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ধানের ক্ষতি হয়েছে, তার ওপর বাজারেও ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না। সব মিলিয়ে কৃষকেরা বড় বিপদে পড়েছেন বলে জানান মো. সাত্তার মিয়া।





