শাজাহানপুরে সাজাপ্রাপ্ত মাদক কারবারি রাজ্জাক গ্রেপ্তার
বগুড়ার শাজাহানপুরে বিশেষ অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত মো. আব্দুর রাজ্জাক (৪৫) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শাজাহানপুর থানা পুলিশ। গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ১০ ঘটিকায় উপজেলার কামারপাড়া হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা এবং শাজাহানপুর থানা কর্মকর্তার (ওসি) তত্ত্বাবধানে অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় এসআই আল আমিন ও এসআই মো. সিদ্দিক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কামারপাড়া হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: আনসারের নিরাপত্তা তৎপরতায় সচল গাজীপুরের শিল্পকারখানা ও মহাসড়ক
গ্রেপ্তারকৃত আব্দুর রাজ্জাক ওই এলাকার আব্দুল বাছেদের ছেলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে এর আগে থেকেই একাধিক মাদক মামলা বিচারাধীন ও রেকর্ডভুক্ত রয়েছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করেছিলেন। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।
এ বিষয়ে শাজাহানপুর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণে বুধবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের সাঁড়াশি অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন: কুলাউড়ায় অবৈধ বালু উত্তোলনে একজনকে জরিমানা, ৯ জনের বিরুদ্ধে মামলা





