পোস্টাল ভোটারদের জন্য জরুরি নির্দেশনা ইসির
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে অংশগ্রহণকারী ভোটারদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনায় বলা হয়েছে, পোস্টাল ভোটারদের আগামী ১০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে নির্ধারিত প্রক্রিয়ায় কিউআর কোড স্ক্যান সম্পন্ন করে ব্যালট পেপার সংবলিত খাম পোস্ট অফিসে জমা দিতে হবে। রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়।
ইসি জানায়, পোস্টাল ভোটে নিবন্ধনকারী যেসব ভোটার এখনও তাদের ব্যালট খামের ওপর মুদ্রিত কিউআর কোড স্ক্যান করেননি, তাদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে এই ডিজিটাল যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে স্পিকারের সঙ্গে কালকে বৈঠকে বসবে ইসি
একইসঙ্গে নির্বাচন কমিশন স্পষ্টভাবে সতর্ক করে জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কিউআর কোড স্ক্যান না করলে সংশ্লিষ্ট ভোটারের ব্যালট বাতিল বলে গণ্য হবে। স্বচ্ছতা, নির্ভুলতা ও ভোটগণনার বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতেই এই ডিজিটাল যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছে ইসি।
এদিকে, ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী বাংলাদেশে অবস্থানরত ভোটারদের জন্য পৃথক নির্দেশনাও দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ব্যালট পেপার পাওয়ার সঙ্গে সঙ্গেই ভোটাধিকার প্রয়োগ করতে হবে এবং ভোট দেওয়া শেষে ব্যালট সংবলিত হলুদ খামটি নিকটস্থ পোস্ট অফিসে জমা দিতে হবে।
আরও পড়ুন: তফসিল ঘোষণায় স্পিকারের সঙ্গে বৈঠকে যাচ্ছে ইসি
ইসি আরও জানায়, ব্যালট পেপার সময়মতো সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছানো নিশ্চিত করতেই ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ডাকঘরে খাম জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের পরে জমা দেওয়া খাম দেরিতে পৌঁছালে তা ভোট গণনার আওতার বাইরে পড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।
সংশ্লিষ্ট সব পোস্টাল ভোটারকে জাতীয় দায়িত্ব পালনে এই সময়সীমা কঠোরভাবে অনুসরণের জন্য অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।





