কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন ১০ জানুয়ারি, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:৫৪ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) সংসদীয় আসনে আগামী ১০ জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের ছেড়ে দেওয়া এ আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করেছে কমিশন।

বুধবার (২৫ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

আরও পড়ুন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি

তিনি জানান, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৭ ডিসেম্বর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৮ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১০ জানুয়ারি।

এদিকে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে দেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন।

আরও পড়ুন: এবার রাজনৈতিক দলের সাথে সংলাপে বসছে ইসি

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাঁদের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন।

চূড়ান্ত তালিকার তথ্য অনুযায়ী, দেশে মোট পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন, নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৯৭ জন।

নতুন ভোটারসহ এই তালিকাভুক্ত ভোটাররা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।