এবার ফ্যাসিস্ট দোসরদের অপতথ্যের শিকার তথ্য সচিব

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬ | আপডেট: ৯:৪০ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণঅভ্যুত্থান-পরবর্তী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব নিয়োগ পেয়ে মিজ মাহবুবা ফারজানা ফ্যাসিবাদের ক্ষতবিক্ষত অবস্থা থেকে প্রতিটি প্রতিষ্ঠানকেই স্বচ্ছতা, জবাবদিহিতার মধ্যে দাঁড় করাতে সচেষ্ট হন। সততা ও দৃঢ়তার সাথে এখনো দায়িত্ব পালন করে সামনে অবসর গ্রহণের মানসিক প্রস্তুতি গ্রহণের প্রাক্কালে দীর্ঘদিনের দুর্নীতিবাজ সুবিধাবাদী চক্র ও ফ্যাসিস্ট দোসররা সংঘবদ্ধভাবে নানা কাল্পনিক অপতথ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইমলাইট নামক একটি ওয়েব পেজ এবং অন্যান্য কয়েকটি আইডিতে বর্তমান তথ্য সচিব মিজ. মাহবুবা ফারজানা সম্পর্কে আপত্তিকর শব্দচয়নে বেশকিছু নেতিবাচক তথ্যসম্বলিত পোস্ট অনেকেরই নজরে এসেছে।

সংঘবদ্ধ কুচক্রী মহলের বানানো সামাজিক মাধ্যমে তথ্যগুলো বিশ্লেষণ করে সরকারের ঘনিষ্ঠ অভিজ্ঞরা বলছেন গণঅভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রভাবশালী উপদেষ্টা ছাত্রনেতা নাহিদ ইসলাম, মাহফুজ আলম ও রেজোয়ানা চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। নির্বাচনের পর সরকারের সিনিয়র মন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রতিমন্ত্রী ইয়াসের চৌধুরী দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তথ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হন আন্দালিব রহমান পার্থ। দুই বছরের বেশি সচিব মিজ মাহবুবা ফারজানা এ সকল দক্ষ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অধীন দায়িত্ব পালন করায় তার বিরুদ্ধে কোন প্রকার দুর্নীতি বা অদক্ষতার কোন অভিযোগ আসেনি। এমনকি সমালোচকরাও তার বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ আনতে পারেনি। সরকারের সকল সিদ্ধান্ত মন্ত্রী উপদেষ্টাদের নির্দেশনা অনুযায়ী তিনি বাস্তবায়ন করেছেন অত্যন্ত দৃঢ়তার সাথে।

আরও পড়ুন: পোশাকশ্রমিকদের জন্য ৭টি শ্রমবান্ধব উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার: মাহদী আমিন

সম্প্রতি সামাজিক মাধ্যমে তার সম্পর্কে সুবিধাবাদী মহল অপতথ্য প্রচারের প্রেক্ষিতে সিভিল সার্ভিসের একজন সদস্য হিসেবে সহকর্মীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ও মতামতে বিব্রত ও আহত একজন নিয়োগ কর্মকর্তা সামাজিক মাধ্যমে তার মতামত তুলে ধরেছেন। প্রজাতন্ত্রের অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা বলেন, বিষয়টি নিয়ে আমি ব্যক্তিগতভাবে তথ্যানুসন্ধান চালানোর সিদ্ধান্ত নেই। নিছক সমর্থন বা বিরোধিতা নয়, প্রকাশিত এবং প্রচারিত অভিযোগ কতটা যৌক্তিক এবং এর প্রাসঙ্গিকতা কি তা জানতে এবং প্রকৃত তথ্য উদঘাটন করতেই আমার এই অনুসন্ধান প্রয়াস। আমার অনুসন্ধানে প্রাপ্ত তথ্য সচেতন পাঠক এবং সকলের জ্ঞাতার্থে এখানে উপস্থাপন করছি।

বর্তমান তথ্য সচিব মিজ. মাহবুবা ফারজানা (ত্রয়োদশ বিসিএস) ২৫/০৪/১৯৯৪ তারিখে সরকারি চাকরিতে যোগদান করেন। দীর্ঘ ৩২ বছরেরও অধিক তার কর্মজীবন।

আরও পড়ুন: বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী

তথ্যানুসন্ধানে জানা যায়, তিনি তার কর্মজীবনের বিশ বছরের অধিককাল সিনিয়র সহকারী সচিব ও উপসচিব পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সময়ে একাধিক বার তিনি পদোন্নতি বঞ্চিত হয়েছেন। ২০১১-১৩ সময়ে একবার, ২০১৬ তে একবার, ২০১৬-২০২২ সময়ে চারবার, তিনি ছয় বছর নিজের চেয়ে তিন ব্যাচের জুনিয়র কর্মকর্তাদের অধীনে কাজ করেছেন।

তিনি যে বিদেশি প্রকল্পে চাকুরি করেছেন, তাতে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে এডিবি কর্তৃক বাছাই করে নিয়োগ দেওয়া হয়েছে। সমস্ত সরকারি বিধি বিধান মেনেই তিনি লিয়েনে চাকুরী করেছেন। এভাবে বিনা প্রমাণে গালগল্প লিখে একজন সম্মানিত অফিসারের চরিত্র হনন মোটেও ঠিক নয়।

প্রশ্ন উঠতে পারে, একজন কর্মকর্তা যদি বছরের পর বছর পদোন্নতিবঞ্চিত হয়ে একই স্তরে দায়িত্ব পালন করেন, তবে তাঁর প্রতি এই দীর্ঘ বঞ্চনার যথাযথ মূল্যায়ন হওয়া উচিত কিনা?

সচিব হিসেবে তার কর্মকাল দুই বছর, দায়িত্ব পালনকালে তিনি পেশাদারিত্বের সাথে নিয়মনীতি, বিধিবিধান ও জবাবদিহিতা নিশ্চিত করতে সচেষ্ট ছিলেন এবং তথ্য মন্ত্রণালয়কে তিনি একটি পরিচ্ছন্ন প্রশাসনিক কাঠামোর মধ্যে পরিচালিত করার চেষ্টা করেছেন মর্মে তথ্যানুসন্ধানে জানা গেছে।

তিনি বিশেষভাবে চেয়েছেন, বিটিভি যেন একটি নিয়মতান্ত্রিক, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য (credible) প্রতিষ্ঠানে পরিণত হয়।

বিটিভির বাজেট ব্যবস্থাপনায় বিদ্যমান অনিয়ম ও অস্বচ্ছতার অবসান ঘটাতে তিনি উদ্যোগী হয়েছেন। নিয়মবহির্ভূত বাজেট বরাদ্দ ও ব্যয়ের সুযোগ বন্ধ করার চেষ্টা করেছেন। অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত ব্যয়ের কিছু খাত চিহ্নিত করে মন্ত্রণালয়ের আদেশে স্থগিত করা হয়েছে মর্মে জানা গেছে।

সবচেয়ে উল্লেখযোগ্য হল মাসে ৩০ লাখ টাকার হারপিক ক্রয়, বছরে দশ লাখ টাকার ঝাড়ু ক্রয়ের মতো প্রশ্নবিদ্ধ ব্যয়ের বিষয়ে আইনানুগ ও হস্তক্ষেপ, এর ফলে দুর্নীতিবাজ কর্মকর্তাদের মাথায় বাজ পড়ে।

একইভাবে আরও কিছু অপ্রয়োজনীয় ও অযৌক্তিক বরাদ্দ স্থগিত করে উদ্ধৃত অর্থ অর্থ বিভাগে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে মর্মে জানা গেছে।

বিটিভির বার্ষিক বাজেট বরাদ্দ প্রায় ৩০০ কোটি টাকা। এর মধ্যে প্রায় ১০০ কোটি টাকার ব্যয় অপ্রয়োজনীয় বা পুনর্বিবেচনাযোগ্য বলে বিবেচিত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে তা স্থগিত করা হয়েছে। স্বাভাবিকভাবেই এতে কোনো কোনো মহলের অনিয়মতান্ত্রিক আর্থিক সুবিধা গ্রহণের সুযোগ সংকুচিত হয়েছে যা বর্তমান বিদ্যমান বাস্তবতায় স্বাভাবিক এবং সঠিক পদক্ষেপ মর্মে প্রতীয়মান হয়।

বিটিভির বাজেট জনগণের অর্থ—এটি মানুষের ঘাম ও শ্রমের বিনিময়ে অর্জিত সরকারি অর্থ। প্রতিটি টাকার যথাযথ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করা নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অনৈতিক সুবিধা দেওয়ার সুযোগ সৃষ্টি করা তাঁর দায়িত্ববোধ ও নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সচিব তাঁর ওপর অর্পিত দায়িত্ব Rules of Business অনুযায়ী পালন করেছেন মর্মে সুস্পষ্ট। বরং এটি না করলেই তার বিরুদ্ধে অযোগ্যতা, অদক্ষতা বা অসততার অভিযোগ আনা যেত।

চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়টি সরকারের নিজস্ব পলিসির বিষয়। এখানে প্রভাবিত করার সুযোগ খুবই কম এবং এ বিষয়ে আমজনতার জানার কোনো সুযোগ নেই। মনের মাধুরী মিশিয়ে কল্পকাহিনী প্রচার করা অনভিপ্রেত এবং অনধিকার চর্চা।

তথ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা, দলাদলি, বঞ্চনার সব দায় কি তার? তার তো এগুলির সমাধান করা, এবং তিনি তাই করার প্রয়াস পেয়েছেন।

ধারাবাহিক বঞ্চনা শেষে প্রমোশন পাওয়া, আর নিয়মিত পদোন্নতি পাওয়া কি এক কথা? বঞ্চিত কর্মকর্তা বঞ্চনাকালে সুবিধাভোগী হন কিভাবে?

প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা পূর্ণ মর্যাদা ও গৌরবের সঙ্গে দুই বছরের দায়িত্বকাল সম্পন্ন করে সম্মানজনক বিদায় নিতে চান। এ চাওয়া কি খুব বেশি?

বর্তমান তথ্য সচিব মিজ. মাহবুবা ফারজানার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে সামাজিক ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করার প্রয়াস একটি নিন্দনীয় কাজ। প্রশাসনে পেশাদারিত্ব এবং দক্ষতার পৃষ্ঠপোষকতার স্বার্থে এ ধরনের তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ জরুরি।