শিশুকে বাঁচিয়ে নিজেই প্রাণ হারালেন পোশাকশ্রমিক
নিজের জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া আট বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করলেও শেষ পর্যন্ত নিজে আর প্রাণে বাঁচতে পারেননি পোশাকশ্রমিক মো. ছকিনুর ইসলাম (৩০)।
শিশুটিকে নিরাপদে ওপরে তুলে দেওয়ার পর সেপটিক ট্যাংকের জরাজীর্ণ দেয়াল ও পাড়ের মাটি ধসে চাপা পড়ে প্রাণ হারান তিনি।
আরও পড়ুন: কুলাউড়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস ব্যাংকিংয়ে যুক্ত হলো চৌধুরী বাজার
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ঢাকার আশুলিয়ায় মধ্য গাজীরচট এলাকার দরগার পাড়ে এ ঘটনা ঘটে।
নিহত ছকিনুর ইসলাম নীলফামারীর কিশোরগঞ্জ থানার ছিট রাজীব গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে। তিনি আশুলিয়ার এনআরএল গ্রুপে কাটিং বান্ডেলম্যান হিসেবে কাজ করতেন। পরিবার নিয়ে দরগার পাড় এলাকার লেদুর বাড়িতে ভাড়া থাকতেন তিনি। তাঁর সংসারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে সহিংসতা আহত-১০,৫ কারখানায় হামলা-ভাঙচুর, বন্ধ ৮৫ কারখানা
উদ্ধার হওয়া শিশুটির নাম শাহিন কাজী লাভলু (৮)। সে স্থানীয় দিনমজুর শাহাবুদ্দিন ও লাইলি দম্পতির সন্তান।
প্রত্যক্ষদর্শী ও নিহতের সহকর্মী রবিউল ইসলাম জানান, বিকেলে মধ্য গাজীরচট এলাকার একটি পুকুরের পাশে থাকা পরিত্যক্ত সেপটিক ট্যাংকের জমে থাকা পানিতে ছিপ দিয়ে মাছ ধরছিল শিশু শাহিন। একপর্যায়ে অসাবধানতাবশত সে ট্যাংকের পানিতে পড়ে যায়।
শিশুটিকে পানিতে হাবুডুবু খেতে দেখে ছকিনুর ইসলাম আর অপেক্ষা করেননি। তাৎক্ষণিকভাবে ট্যাংকে নেমে শিশুটিকে উদ্ধার করেন তিনি।
শিশুটিকে নিরাপদে ওপরে তুলে দিতে সক্ষম হলেও নিজে আর উঠতে পারেননি ছকিনুর। এর মধ্যেই হঠাৎ সেপটিক ট্যাংকের জরাজীর্ণ দেয়াল ও পাড়ের মাটি ধসে তাঁর ওপর পড়ে। এতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন তিনি।
এ সময় স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধারে অভিযান শুরু করে।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেছে। ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ চলছিল। প্রাথমিকভাবে তাঁকে মৃত বলে ধারণা করা হচ্ছে। পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য জানানো হবে।





