খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করলেন হানিফ সংকেত
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি শোক ও সমবেদনা জানান।
খালেদা জিয়ার একটি ছবি শেয়ার করে হানিফ সংকেত লেখেন, “সর্বজন শ্রদ্ধেয়, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর ভোর ছয়টায় আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আরও পড়ুন: রহস্য আর হাস্যরসে আসছে নাটক ‘ডিটেকটিভ ডাব্লিউ’
আপসহীন এই নেত্রীর অবদান স্মরণ করে তিনি আরও লেখেন, তার এই মৃত্যুতে জাতি হারিয়েছে একজন অভিভাবক। দেশ ও জাতির কল্যাণে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
শোক ও সমবেদনা জানিয়ে হানিফ সংকেত বলেন, “তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গ ভোটে তারকাদের ‘পারিশ্রমিক বাণিজ্য’, বিস্ফোরক দাবি নির্মাতা শুভ্রজিৎ মিত্রের
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
খালেদা জিয়ার প্রয়াণে সারাদেশে শোকের আবহ নেমে এসেছে। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাংস্কৃতিক ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় তাকে স্মরণ করছেন।
১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করা খালেদা জিয়া ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিন মেয়াদে তিনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৬০ সালে সেনাপ্রধান ও পরবর্তীকালে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। ফার্স্ট লেডি থেকে শুরু করে দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বে তার পথচলা ছিল দীর্ঘ ও ঘটনাবহুল।





