‘আমি শুধু একজন শিল্পী’—ভাইরাল ভিডিও ও বিতর্ক নিয়ে মুখ খুললেন ভাবনা
ভাইরাল ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। নিজেকে রাজনৈতিকভাবে জড়ানোর চেষ্টার সমালোচনা করে তিনি জানিয়েছেন, তিনি কেবল একজন শিল্পী হিসেবেই থাকতে চান।
সম্প্রতি নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ভাবনা লিখেছেন, “আপনারা এক ভিডিও আর কতবার ভাইরাল করবেন। যে ভিডিও ভাইরাল করছেন, সেটি আমার একটি নৃত্যনাট্যের অংশ। আমি সেখানে নাচের পোশাকে আছি। এটি মুক্তিযুদ্ধভিত্তিক নৃত্যনাট্য। নৃত্যনাট্য কী, সেটা গুগলে সার্চ করে নিতে পারেন।”
আরও পড়ুন: মেহজাবীনের নাচ-কনকচাঁপার, গানসহ যেভাবে সেজেছে ‘আনন্দমেলা’
রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে তার ছবি নিয়ে চলা আলোচনার জবাবও দেন এই অভিনেত্রী। তিনি বলেন, “যেসব রাজনৈতিক মানুষের সঙ্গে আমার ছবি দেখছেন, সেটিও ঈদের একটি অনুষ্ঠানের। সেখানে ৫০ মিনিটে কী কথা হয়েছে, তা টেলিভিশনে দেখা যাবে।”
নিজের অবস্থান পরিষ্কার করে ভাবনা দাবি করেন, তিনি কখনো কারও কাছ থেকে কোনো ধরনের সুবিধা নেননি। “একজন শিল্পী হিসেবে আমি জীবনেও কারও কাছ থেকে এক বিন্দু সুবিধা নিইনি। তবুও যেভাবে আমি বুলিং, অপমানসহ নানা কিছুর শিকার হয়েছি, তা বলব কোনো একদিন,”—লিখেছেন তিনি।
আরও পড়ুন: ডিজিটাল প্ল্যাটফর্মে ঝড় তুলেছে গেজেট ব্র্যান্ড ‘চার্জ’-এর বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “আমাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে লাভ নেই। আমি একজন শিল্পী, আমি কাজ করব। সবার সঙ্গেই কাজ করব—যেমন একজন ব্যবসায়ী বা চাকরিজীবী করে থাকেন। রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে ডাকলে আমি অবশ্যই অংশ নেব।”
পোস্টের শেষাংশে ভাবনা স্পষ্ট করে জানান, তার রাজনীতির প্রতি কোনো আগ্রহ নেই। “আমি কোনো দলের হয়ে কাজ করিনি, রাজনীতির প্রতি আগ্রহও নেই। ভবিষ্যতে হলে অবশ্যই জানাব। আমি শুধু একজন শিল্পী হয়ে থাকতে চাই। আমাকে কাজ করতে দিন—ছবি আঁকতে দিন, কবিতা লিখতে দিন,”—যোগ করেন তিনি।
উল্লেখ্য, ‘নট আউট’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন আশনা হাবিব ভাবনা। পরে ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।





