বিজেপি নেতার পারিবারিক অনুষ্ঠানে শাহরুখ

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ন, ৩০ মার্চ ২০২৬ | আপডেট: ৭:১৭ পূর্বাহ্ন, ০১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক নেতার পারিবারিক অনুষ্ঠানে বলিউড বাদশাহ শাহরুখ খানের উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে নতুন করে চর্চা শুরু হয়েছে। রাজনীতি থেকে বরাবরই দূরত্ব বজায় রাখা এই অভিনেতাকে গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ এক নেতার আয়োজনে দেখা যাওয়ায় বিনোদন ও রাজনৈতিক—উভয় অঙ্গনেই নানা সমীকরণ মেলাচ্ছেন অনেকে।

সম্প্রতি বিজেপি নেতা মোহিত কম্বোজের মেয়ে মিশকা কম্বোজের ১৬তম জন্মদিনের জমকালো এক অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে শাহরুখ খান ছাড়াও উপস্থিত ছিলেন রণবীর সিং, সঞ্জয় দত্ত, প্রীতি জিনতা ও শিল্পা শেঠির মতো একঝাঁক তারকা। সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্ত সেই অনুষ্ঠানের একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করার পর বিষয়টি প্রকাশ্যে আসে। ওই ছবির ক্যাপশনে মান্যতা রাতটিকে ‘স্মরণীয়’ হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন: আমির খানকে হত্যার হুমকি, তদন্তে মুম্বাই পুলিশ

অনুষ্ঠানটির একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, অভিনেতা রণবীর সিং ও সঞ্জয় দত্ত তাঁদের সাম্প্রতিক ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর টু’-এর ‘আরি আরি’ গানে কণ্ঠ মেলাচ্ছেন। সিনেমাটি নিয়ে এতদিন শাহরুখ প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও এই অনুষ্ঠানে সহকর্মীদের সঙ্গে তাকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। রাজনৈতিক বিশ্লেষক ও ভক্তদের একাংশ বিজেপি নেতার আমন্ত্রণে শাহরুখের এই উপস্থিতিকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।

উল্লেখ্য, ২০২৩ সালে ‘পাঠান’, ‘জাওয়ান’ ও ‘ডানকি’র মতো ব্লকবাস্টার সিনেমা উপহার দেওয়ার পর বর্তমানে শাহরুখ ব্যস্ত তাঁর পরবর্তী সিনেমা ‘কিং’ নিয়ে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তাঁর মেয়ে সুহানা খানের। ২০২৬ সালের ক্রিসমাসে মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটিতে আরও অভিনয় করছেন অভিষেক বচ্চন (খলনায়ক হিসেবে), রানী মুখার্জি ও জ্যাকি শ্রফের মতো তারকারা।

আরও পড়ুন: জুনিয়র এনটিআরকে নিয়ে ভক্তদের জন্য দুঃসংবাদ!