প্রভাসের ‘ফৌজি’ সিনেমার শুটিং সেটে মর্মান্তিক দুর্ঘটনা, বন্ধ শুটিং

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ন, ০৭ মে ২০২৬ | আপডেট: ১২:৫৪ অপরাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ফৌজি’র শুটিং সেটে নেমে এসেছে শোকের ছায়া। সিনেমাটির টেকনিক্যাল টিম বহনকারী একটি গাড়ি ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়লে একজন ক্রু সদস্য নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। দুর্ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য সিনেমাটির শুটিং বন্ধ ঘোষণা করেছে নির্মাতা কর্তৃপক্ষ।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, হায়দরাবাদের আউটস্কার্টে আব্দুল্লাপুরমেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ‘ফৌজি’ সিনেমার টেকনিক্যাল টিম একটি গাড়িতে করে রামোজি ফিল্ম সিটির দিকে যাচ্ছিলেন। পথে চৌটুপ্পাল থানার অন্তর্গত তোপ্রানপেট ব্রিজের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের সিমেন্টের ডিভাইডারে সজোরে ধাক্কা দেয়।

আরও পড়ুন: নাট্যনির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই

দুর্ঘটনার তীব্রতায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত পাঁচজনকে স্থানীয় প্রশাসন দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।

এ ঘটনায় এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি প্রযোজনা সংস্থা ‘মিথ্রি মুভি মেকার্স’। তবে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দুর্ঘটনার পর সিনেমাটির পুরো ইউনিট শোকাহত অবস্থায় রয়েছে।

আরও পড়ুন: ভাইরাল সংস্কৃতি নিয়ে নতুন ধারাবাহিক ‘আমরা ভাইরাল’

পিরিয়ড ড্রামা ঘরানার ‘ফৌজি’ সিনেমার প্রায় ৮০ শতাংশ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি অংশে প্রভাসের কয়েকটি বড় অ্যাকশন সিক্যুয়েন্স ধারণের পরিকল্পনা ছিল। সম্প্রতি সিনেমাটির সেট থেকে কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ায় প্রযোজনা সংস্থা আইনি সতর্কতাও জারি করেছিল।

সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের অক্টোবরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। বড় বাজেটের এই ছবিতে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন নবাগত অভিনেত্রী ইমানভি। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী ও জয়া প্রদা।

বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শুটিং স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্মাতা কর্তৃপক্ষ।